চলছে নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবান্ন শোভাযাত্রা
নবান্ন শোভাযাত্রা

‘অগ্রহায়ণের শুরুতে সারা দেশের মতো ঢাকাতেও মহাধুমধামে নবান্ন উৎসব উদ্‌যাপিত হচ্ছে। যে কৃষি আমাদের জীবনপ্রবাহ নিশ্চিত করে, তা নিয়েই তো আজকের এই উৎসব। এ উৎসবে এসে জাতি, ধর্ম, বর্ণ খুঁজে পাওয়া মুশকিল। আজ আমরা এক দেহে লীন হয়ে গেছি। আজ আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাঙালি। এই তো উৎসবের মাহাত্ম্য।’
মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসব উদ্বোধন করে এ কথাগুলো বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সংস্কৃতিকর্মীদের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, ‘দেশে আজ পুরোপুরিভাবে শান্তি নেই। একটি নিকৃষ্ট শ্রেণি দেশে শান্তির প্রতি নানাভাবে আঘাত হানছে। তার বিপরীতে আজকের এই অসাম্প্রদায়িক উৎসব বিশেষ গুরুত্ব বহন করে।’
‘এসো মিলি সবে নবান্ন উৎসবে’ শিরোনামে এই উৎসবের আয়োজন করছে জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদ।
উৎসবের নবান্ন কথন পর্বে আরও বক্তব্য রাখেন উৎসব উদ্‌যাপন পরিষদের কো চেয়ারম্যান শুভ রহমান, চেয়ারম্যান লায়লা হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম। লায়লা হাসান নবান্ন উৎসবকে জাতীয়ভাবে উদ্‌যাপন ও এই দিবস উপলক্ষে সরকারি ছুটি দাবি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসবে দলীয় পরিবেশনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসবে দলীয় পরিবেশনা।

তিনি বলেন, ‘এ উৎসবের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে শেকড় সন্ধানে আরও ব্রতী করতে চাই। তারা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আকৃষ্ট হলেই আমাদের উৎসব সার্থক।’
এর আগে সকাল ৭টায় এস এম মোর্তজা বশীর মুরাদের বংশীবাদনে শুরু হয় নবান্ন উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর ছিল স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র পরিবেশন করে দেশাত্মবোধক গান ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘আবার জমবে মেলা’—গণসংগীত পরিবেশনার পর নৃত্য পরিবেশনায় আসে নৃত্যজন। ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের নাচের দল আচিক নাচের মুদ্রায় তুলে ধরেন জুম চাষের নানা পদ্ধতি। দলীয় নৃত্য পরিবেশন করে নন্দন কলাকেন্দ্র ও কাঁদা মাটি। দলীয় সংগীত পরিবেশন করে আনন্দন, বহ্নিশিখা, উদীচী শিল্পীগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করেন ফরিদা পারভিন, তানভির সজিব, অনিমা রায়।
সকালে চারুকলা পর্ব শেষ হয় দুপুর ১২টায়। বিরতির পর বিকেল ৪ থেকে দ্বিতীয় পর্বটি এখন চলছে চারুকলার বকুলতলা ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে।