চলছে মাইকেল স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জুন পপসম্রাট মাইকেল জ্যাকসনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাই বিশ্বজুড়ে চলছে মাইকেল-স্মরণ। কোথায় কী হচ্ছে—বিস্তারিত এই প্রতিবেদনে। কখনো তিনি ‘বিট ইট’ বা ‘ব্যাড’ এর মতো চটুল রসিক; কখনো ‘বিলি জিন’, ‘রিমেম্বার দ্য টাইম’-এর মতো কাব্যময় গীতিকবি; কখনো ‘আর্থ সং’-এর মতো ধরিত্রীর সন্তান, কখনো ‘ব্ল্যাক অর হোয়াইট’-এর মতো সাম্যবাদী। মাইকেল জ্যাকসন আর নেই। কিন্তু, না থেকেও তিনি প্রবলভাবে আছেন তাঁর সুরে, বাণীতে, সৃষ্টিতে। এই কিংবদন্তির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বিশ্বজুড়ে চলছে মাইকেল-স্মরণ।কেউ কেউ গান দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তাঁকে। সনু নিগম যেমন। তাঁর সংগীতজগতে আসার পেছনে মাইকেলের প্রভাব অনেক বেশি। এ কথা সনু অনেকবারই স্বীকার করেছেন। এবার ভারতীয় এই সংগীততারকা ‘একলব্য’ হয়ে ‘দ্রোণাচার্যে’র প্রতি ঋণ শোধ করতে চাইছেন। মাইকেলকে নিয়ে বিশেষ গান বেঁধেছেন সনু। মাইকেলের ভাই, জ্যাকসন ফাইভের অন্যতম সদস্য জারমেইন জ্যাকসনের সঙ্গে মিলে সেই গানই তিনি গাইবেন আগামীকাল টরন্টোয় অনুষ্ঠেয় ‘আইফা রকস’ নামের একটি অনুষ্ঠানে। গত সোমবার লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। হলিউডের মাদাম তুশো জাদুঘরে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেছেন মাইকেলের ভাই জারমেইন। প্রদর্শনীর শিরোনাম ‘মাইকেল জ্যাকসন এক্সপেরিয়েন্স’। মাইকেলের তিনটি ভিন্ন মোমের মূর্তি বানিয়েছে মাদাম তুশো। অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা মাইকেলের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। শুধু মূর্তি নয়, তাঁর বিভিন্ন স্মৃতি-স্মারকও রাখা হয়েছে প্রদর্শনীতে। পাশাপাশি আছে মাল্টিমিডিয়া উপস্থাপনা। বিভিন্ন ভিডিও ক্লিপিংস দিয়ে বানানো হয়েছে মাইকেলের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশের ভিডিওচিত্র। এখানে উঠে এসেছে—ইন্ডিয়ানার প্রায় বস্তির জীবন থেকে মাইকেল কীভাবে স্বর্ণোজ্জ্বল এক কেরিয়ারের পথ পাড়ি দিয়েছেন, সেই রূপকথার গল্প। সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার বাজেটের এই প্রদর্শনী চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বেভারলি হিলসের এক নিলামে তোলা হচ্ছে মাইকেল জ্যাকসনের সেই কিংবদন্তিতুল্য লাল রঙের লেদার জ্যাকেট, যে জ্যাকেটটি তিনি পরেছিলেন ‘থ্রিলার’-এর মিউজিক ভিডিওতে। নিলামে থাকছে তাঁর ব্যবহূত গ্লাভস, উইগও। আশা করা হচ্ছে, কেবল জ্যাকেটটির দামই উঠবে দুই লাখ ডলার। যত টাকাই আসুক, সেটি চলে যাবে মাইকেলের ‘সাবু’ আর ‘থ্রিলার’ নামের পোষা দুই বাঘের কল্যাণার্থে গঠিত তহবিলে।মাইকেল বেঁচে থাকার সময় তাঁর ক্যালিফোর্নিয়ার নেভারল্যান্ড র‌্যাঞ্চ নিয়ে মানুষের কৌতূহলের শেষ ছিল না। এখনো সেই কৌতূহল আছে বৈকি। হেলিকপ্টারে চেপে সেই র‌্যাঞ্চের ওপর দিয়ে ভ্রমণের সুযোগ এনে দিচ্ছে একটি প্রতিষ্ঠান। আধঘণ্টার এই যাত্রায় খরচ পড়বে ১৭৫ ডলার। চাইলে পুরো পরিবার নিয়েও বিশেষ ব্যক্তিগত ভ্রমণের সুযোগ আছে। সর্বোচ্চ তিনজনের এই ভ্রমণের জন্য গুনতে হবে ৫০০ ডলার। আগামীকাল শুক্রবার আর পরদিন শনিবার—এই দুই দিন করা যাবে এই ভ্রমণ। মাইকেল মারা যাওয়ার পর তাঁকে নিয়ে প্রথম অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ২০১০ সালের ডিসেম্বরে। ‘মাইকেল’ শিরোনামের এই অ্যালবামে ছিল তাঁর জীবনের শেষ কয়েকটি মাসের প্রতিচ্ছবি। এ সময় ৫০ বছর বয়সী মাইকেল জ্যাকসন আবারও ফিরে আসার চেষ্টা করছিলেন শোবিজ জগতে। চলছিল তাঁর ‘দিস ইজ ইট’ শিরোনামের সিরিজ কনসার্টের আয়োজন। ১৬ জুন প্রকাশিত হলো আরেকটি অ্যালবাম—বিহাইন্ড দ্য মাস্ক। পৃথিবীর নানা প্রান্তের এক হাজার ৬০০ মাইকেল-ভক্তের সম্মিলিত প্রচেষ্টার ফসল এই অ্যালবাম। বলা হচ্ছে, মাইকেলের মৃত্যুর পর তাঁকে সম্মান জানাতে যত ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে এটিই সেরা। তা তো হবেই। ভক্তের ভালোবাসায় যে তিল পরিমাণ খাদ থাকে না।মাইকেল জ্যাকসনের বোন লা টয়া জ্যাকসন বই লিখেছেন। আজকালের মধ্যে বাজারে আসার কথা স্টার্টিং ওভার নামের বইটি। বিষয়বস্তু এখনো জানানো হয়নি। তবে মাইকেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর সময় এ খবর জানানো হলো যখন, ধারণা করা হচ্ছে, বইয়ের একটা অংশ মাইকেলের ব্যাপারেই লিখবেন টয়া। বিশেষ করে মাইকেলের মৃত্যুর বিষয়টি উঠে আসবে তাঁর লেখায়।আদালতেও হচ্ছে মাইকেল-স্মরণ। তাঁর মৃত্যুর আসল কারণ নিয়ে চলমান আইনি প্রক্রিয়ায় এবার আদালতের পক্ষ থেকে তাঁর শেষ কনসার্ট প্রস্তুতি মহড়ার ভিডিও ফুটেজ দেখতে চাওয়া হয়েছে। মাইকেলের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত হচ্ছে। স্বর্গে নিশ্চিন্তে সুখে-শান্তিতে দিন কাটানোর সুযোগ হয়তো শিগগিরই মিলবে না এই কিংবদন্তির। কারণ, নানা আইনি ঝামেলা যে ফুরোচ্ছেই না। নতুন করে সমস্যা দেখা দিয়েছে ‘দিস ইজ ইট’-এর বিমা নিয়ে। লন্ডনের বিমা প্রতিষ্ঠান লয়েড’স-এ পৌঁনে দুই কোটি টাকার বিমা করিয়েছিল মাইকেল জ্যাকসনের কনসার্টের আয়োজক এইজি লাইভ। কিন্তু এই টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে লয়েড’স। তাদের দাবি, কনসার্টের প্রস্তুতি চলার সময় যে মাইকেল ওষুধ নিচ্ছিলেন, সেটি তাদের আগে জানানো হয়নি। আদালতে গেছে মাইকেল জ্যাকসনের নামে বাজারে ছাড়া সুগন্ধির মালিকানা নিয়ে চলা একটি মামলাও। ফরাসি সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্রাংক রুয়াস বাজারে ‘জ্যাকসনস ট্রিবিউট ফর মেন’ আর ‘জ্যাকসনস লিজেন্ড ফর উইমেন’ নামের দুটো সুগন্ধি ছেড়েছে। মাইকেলের বাবা জো জ্যাকসনের সঙ্গে চুক্তি করেই পণ্য বাজারে এনেছে তারা। বাবা হিসেবে ছেলের নামে বাণিজ্যিক পণ্য বাজারে ছাড়তে জো সম্মতি দিতেই পারেন। কিন্তু বাদ সেধেছে ব্রাভাডো নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ‘মাইকেল জ্যাকসন’ নামটি ব্যবহারের স্বত্ব কিনে নিয়েছে বহু আগেই। ফলে কোনো বাণিজ্যিক পণ্যে ‘মাইকেল জ্যাকসন’ ট্রেডমার্ক ব্যবহারের পূর্ণ আইনি ক্ষমতা এই কোম্পানিরই শুধু আছে। রাজীব হাসান, সূত্র: ইন্টারনেট