চলছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল

বিগত দুই বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির আয়োজনে তৃতীয়বারের মতো রাজধানীতে শুরু হয়েছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল। গতকাল শুক্রবার সকালে জাতীয় গণগ্রন্থাগার চত্বরে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল।
‘এসো এসো, সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল ২০১৭-তে এসো; হারিয়ে যাও কল্পবিজ্ঞানের রোবট এলিয়েনের অজানা জগতে’ স্লোগান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি মোশতাক আহমেদ। এবারের ফেস্টিভ্যালে গত দু বছরের কার্যক্রমের মূল্যায়ন করে পাঁচজনকে ক্রিয়েটিভ সদস্য সম্মাননা, সায়েন্স ফিকশন লেখক দীপু মাহমুদকে ‘সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার ২০১৫’ প্রদান, সায়েন্স ফিকশন ছোটগল্প ক্যাটাগরিতে আসিফ চৌধুরীকে পুরস্কার দিয়েছে সায়েন্স ফিকশন সোসাইটি।
ফেস্টিভ্যালে আছে সিমিউলেশন ভিডিও গেম প্রতিযোগিতা, মাস্টার টাইপার প্রতিযোগিতা, ‘বিজ্ঞান আনন্দ’ পত্রিকার মোড়ক উন্মোচন, সায়েন্স ফিকশন লেখকদের সঙ্গে আড্ডা, এলিয়েন উৎসব, সায়েন্স ফিকশন বইমেলা, রিমোট কন্ট্রোল গাড়ি চালানো প্রতিযোগিতা। কল্পবিজ্ঞানের বিখ্যাত চরিত্র, রোবট আর এলিয়েনদের দ্বিমাত্রিক ছবির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছে উৎসবে আসা খুদে শিক্ষার্থীরা। এই আয়োজনে আরও ছিল সায়েন্স ফিকশন সোসাইটির সদস্য হওয়ার সুযোগ।
সায়েন্স ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল মানুষের মতো দেখতে রোবট ‘ইবো’। মানুষের মতো কথা বলতে পারা রোবটিকে ঘিরে মেলায় আসা কিশোর-কিশোরীদের ছিল দারুণ আগ্রহ। ফেস্টিভ্যালে অংশ বই মেলায় বিভিন্ন প্রকাশনার বিজ্ঞানবিষয়ক বই ২৫% কমিশনে বিক্রি হচ্ছে। উৎসবের সর্বোচ্চ সংখ্যক বই ক্রেতাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে। সায়েন্স ফিকশনে বিশেষ অবদান রাখার জন্য আজ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন মুহম্মদ জাফর ইকবালকে সম্মাননা প্রদান করবে সোসাইটি। সম্মাননা প্রদানের পরই লেজার শো এবং সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে এলিয়েন উৎসব।
শিক্ষার্থীদের তৈরি বা আঁকা এলিয়েনের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ এলিয়েন নির্মাণকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে। সবশেষে এলিয়েনদের উড়িয়ে দেওয়া হবে মহাশূন্যের উদ্দেশ্যে। এর মাধ্যমে দুদিনের এই তারুণ্যের উৎসব শেষ হবে।