বড় পর্দার নায়ক ইলিয়াস কাঞ্চন, নায়িকা চম্পা আর ছোট পর্দার শামীমা নাজনিন ও তানভির এক ফ্রেমে। হাসপাতালের বেডে শুয়ে আছেন তানভির। বিছানার পাশে চেয়ারে বসা চম্পা। তাঁর পাশে দাঁড়িয়ে শামীমা নাজনিন এবং বিছানার প্রান্তে ইলিয়াস কাঞ্চন। শুটিং চলছে ইদরিস হায়দারের পরিচালনায় নির্মিতব্য সেকেন্ড ইনিংস ধারাবাহিক নাটকের।এই শুটিংস্পটে আরও আছেন শুভাশিষ ভৌমিক। শুটিংয়ের অবসরে আড্ডায় মেতেছেন অনেকেই। ‘বড় পর্দা ছাড়লাম, কিন্তু চম্পাকে ছাড়া হলো না।’ বলছিলেন ইলিয়াস কাঞ্চন। এর মধ্যে শুভাশিষ ভৌমিক বললেন, ‘বয়স বাড়লেই কি আর নেশা কাটে, কাঞ্চন ভাই? এই আমাকে দেখেন, চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি নাটকে কাজ শুরু করেছি।’ তাঁর কথার জবাবে ইলিয়াস কাঞ্চন বললেন, ‘খাঁটি কথা বলেছেন। ৩৩৫টি চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে কাজ করলাম, অথচ নেশা কাটল না।’এবার এক ফাঁকে ইলিয়াস কাঞ্চনকে প্রশ্ন, চলচ্চিত্র থেকে বিদায় নিলেন কেন?‘দেখুন, দু-একটি পাসিং শট দেওয়ার জন্য তো আমি কাজ করতে চাই না। একটি বাবার চরিত্র, পুরো সিনেমা মিলে যার শট থাকে পাঁচ কিংবা ছয়টি, সেই চরিত্র যে কেউ করতে পারে। সেটার জন্য আমার দরকার কী? এ রকম চরিত্র আর করব না বলেই কাজ করা হয় না চলচ্চিত্রে।’এবার প্রসঙ্গ পরিবর্তন হলো চম্পার কথায়, ‘আমি কিন্তু এখন নাটকে নিয়মিত কাজ করছি। ঝঙ্কারি বেগম নামে একটি নাটকে কাজ করলাম। বাপরে! এত ঝগড়া করতে হয়েছে এ নাটকে, বলে শেষ করা যাবে না। দেখবেন কিন্তু।’ এই কথা বলার পর আরও অনেক কথাই হলো ওই আড্ডায়। হলো অ্যাকশান-কাট...শুটিংও।আড্ডার ফাঁকে ফাঁকে পরিচালক হাঁক ছাড়ছেন, সেকেন্ড ইনিংস-এর দৃশ্য ধারণ করা হচ্ছে।