চলছে স্বর্ণপামের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দ্রেই জ্‌ভিয়াগিন্‌ৎসেভের লাভলেস
আন্দ্রেই জ্‌ভিয়াগিন্‌ৎসেভের লাভলেস

কান চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার আগে সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের চোখ থাকে এর প্রতিযোগিতা বিভাগের দিকে। তখন জল্পনার বিষয়, কোন ছবিগুলো এবার মনোনয়ন পাচ্ছে? আর উৎসবের শেষদিন যত ঘনিয়ে আসে, কৌতূহলের বিষয় হয়ে ওঠে কোন ছবিটি পাচ্ছে সেরা ছবির তকমা? পাম দ’র বা স্বর্ণপাম হাতে তুলছেন কোন নির্মাতা?
কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের লড়াইটা তাই বিশ্বের সেরা নির্মাতাদের লড়াই। ৭০তম আসরে ১৯টি ছবি এ বিভাগে। এবার বেশ কয়েকজন ‘হেভিওয়েট’ নির্মাতার ছবি স্থান পেয়েছে প্রতিযোগিতা বিভাগে। তাই শেষ হাসিটা কে হাসছেন, সেটা আগেভাগে বলা মুশকিল।

বং জুন-হুয়ের ওকজা
বং জুন-হুয়ের ওকজা


যেমন মাইকেল হানেকেই তো এবার ইতিহাস গড়তে পারেন। তাঁর নির্মিত শেষ দুটি ছবি ছিল দ্য হোয়াইট রিবন (২০০৯) ও অ্যামোর (২০১২)। দুটি ছবিই পাম দ’র জিতেছে। এবার অনেক দিন পরে তিনি বানিয়েছেন হ্যাপি এন্ড। তিনি পুরস্কার পেয়ে গেলে রেকর্ড হবে দুটি। এক. এই প্রথম কেউ তৃতীয়বার পাম দ’র পাবেন। দুই. কারও পরপর তিনটি ছবি পাবে এই পুরস্কার—অর্থাৎ হ্যাটট্রিক!
সোফিয়া কপোলাও শক্ত প্রার্থী। তাঁর পিতা স্বনামধন্য ফ্রান্সিস ফোর্ড কপোলা দু’ বার পাম দ’র ঘরে তুলেছেন। এখন পর্যন্ত কান জয় করতে না পারলেও অস্কার জিতে ফেলেছেন এই লস্ট ইন ট্রান্সলেশন নির্মাতা। ভেনিস উৎসবের স্বর্ণসিংহ জিতেছেন দু’ বার! এবার দ্য বিগায়েল্ড বাজিমাত করে কি না, সেটা দেখার জন্য অপেক্ষা তো করতেই হবে।

টড হেনেসের ওয়ান্ডারস্ট্রাক
টড হেনেসের ওয়ান্ডারস্ট্রাক


অন্যদিকে টড হেনেসের ওয়ান্ডারস্ট্রাকও এরই মধ্যে উৎসবে বেশ আলোচনা তুলেছে। এ নিয়ে তৃতীয়বার প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেলেন তিনি। ফরাসি নির্মাতা ফ্রাঁসোয়া ওজোনও তা-ই। এবার তাঁর ছবি আমান্ট ডাবল। চতুর্থবার মনোনয়ন পেলেন দক্ষিণ কোরিয়ার হং সাংসু। তাঁর ছবির নাম দ্য ডে আফটার। সবচেয়ে বড় দুর্ভাগ্য জাপানের নাওমি কাওয়াসের। এ নিয়ে পঞ্চমবার মনোনয়ন পেলেন তিনি। দেখা যাক, হিকারি দিয়ে ভাগ্যের শিকে ছিঁড়ে কি না।
আলোচনায় এসেছে রুশ নির্মাতা আন্দ্রেই জ্ভিয়াগিন্ৎসেভের ছবি লাভলেস। এর আগে দ্য ব্যানিশমেন্ট ও লিভায়াথান ছবির জন্য মনোনয়ন পেয়েও পুরস্কার পাননি তিনি। অনেকেই বলছেন, এবারের ছবিটি স্বর্ণপামের অন্যতম বড় দাবিদার। একই সঙ্গে মিশেল আজানাভিসুসের রিডাউটেবল ছবিটিও আলোচনায়। ফরাসি ছবির জীবন্ত কিংবদন্তি জঁ-লুক গদারের জীবনের একটি অংশ নিয়ে বানানো হয়েছে ছবিটি। নির্মাতা আজানাভিসুস তাঁর দ্য আর্টিস্ট ছবির জন্য বিখ্যাত।

মাইকেল হানেকের হ্যাপি এন্ড শুটিংয়ের ছবি
মাইকেল হানেকের হ্যাপি এন্ড শুটিংয়ের ছবি


বং জুন-হুয়ের ওকজা ও নোয়াহ বামবাকের দ্য মেয়োরিদজ স্টোরিজ (নিউ অ্যান্ড সিলেক্টেড) এ উৎসবে নিয়ে এসেছে নতুন বিতর্ক। ভবিষ্যতে ছবি প্রেক্ষাগৃহের বড় পর্দায় দেখা হবে নাকি অনলাইনে নেটফ্লিক্সের মতো ছোট পর্দায়? নেটফ্লিক্স প্রযোজিত এ দুটি ছবি এ বিতর্কের জন্যই এখন কানের ইতিহাসে। জুরি বোর্ডের সদস্যরাও এ নিয়ে দ্বিধাবিভক্ত।
১৯৭৯ সালের পর এবার কানের প্রতিযোগিতায় আবার মনোনয়ন পেয়েছেন ফরাসি নির্মাতা জ্যাক দুয়াইয়ু। এবারের ছবি রডিন। সেবার জার্মান ছবি টিন ড্রাম-এর কাছে হেরে গিয়েছিল তাঁর দ্য হাসি ছবিটি।

সোফিয়া কপোলার দ্য বিগায়েল্ড
সোফিয়া কপোলার দ্য বিগায়েল্ড


নির্মাতা রবিন কাম্পিলো এই প্রথম বড় কোনো উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেলেন। তাঁর বিটস পার মিনিট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ইয়োর্গোস লেনথিমোসের দ্য কিলিং অব আ সেকরেড ডিয়ারও জুরিরা পছন্দ করেছেন। নজরে আছে জার্মান নির্মাতা ফাতিহ আকিনের ইন দ্য ফেডও।
এ ছাড়া প্রতিযোগিতা বিভাগে লড়াই করছে ইউক্রেনের সের্গেই লোনজিৎসার আ জেন্টেল ক্রিয়েচার, হাঙ্গেরির কর্নেল মুন্দোরুৎসোর জুপিটার’স মুন, সুইডেনের রুবেন অস্টলুন্ডের দ্য স্কয়ার, স্কটল্যান্ডের লিন রামজের ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার। যুক্তরাষ্ট্র থেকে আগত দুই ভাই বেনি ও জোশ সাফদির গুড টাইমও আছে। কে জানে, শেষ মুহূর্তে এ ছবিগুলোর কোনো একটি চমকে দেয় কি না?

মিশেল আজানাভিসুসের রিডাউটেবল
মিশেল আজানাভিসুসের রিডাউটেবল