চলছে 'বিজয়গাথা'

মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র বিজয়গাথার উদ্বোধনী প্রদর্শনী হলো গত মঙ্গলবার। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রযোজনা প্রতিষ্ঠান ঢুলি ডটকমের ব্যবস্থাপনা পরিচালক লুশা মির্জাসহ অনেকে।
বিজয়গাথা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজাদ কালাম। এতে অভিনয় করেছেন রিয়াজ, সিদ্দিকুর রহমান, তারেক মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে লুশা মির্জা বলেন, ‘বিজয়গাথা ঢুলি ডটকমের প্রথম প্রযোজনা। আমরা দেশীয় সংস্কৃতি ও ঐহিত্য তুলে ধরতেই ঢুলি ডটকম (dhooli.com) চালু করেছি। খুব তাড়াতাড়ি এটি পুরোদমে কাজ শুরু করবে।’
বিজয়গাথা সম্পর্কে লুশা মির্জা জানান, ১৬ ডিসেম্বর থেকে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস ও পরের সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্স এবং পর্যায়ক্রমে সারা দেশে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। এ ছাড়া দেশের বাইরেও ছবিটি প্রদর্শনীর পরিকল্পনা চলছে।