চলার পথের রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে জ​ঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতনবিরোধী পথনাটকের দৃশ্য l প্রথম আলো
শাহবাগে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে জ​ঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতনবিরোধী পথনাটকের দৃশ্য l প্রথম আলো

বাইরের আলো ততক্ষণে নিভে গেছে। জাতীয় নাট্যশালার কাচঘেরা লবিতে জ্বলে উঠল সন্ধ্যাপ্রদীপ। ঠিক তার ওপরে সাদা ব্যানারে প্রজেক্টরের আলোয় ভাসল যাঁর ছবি, তিনি রবীন্দ্রনাথ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ছিল গীতি আলেখ্যানুষ্ঠান চলার পথে। বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ দেশ-বিদেশে অনেক জায়গায় গেছেন। সেসব ভ্রমণপথের গান ও কবিতা নিয়ে ছিল এ আয়োজন। উপলক্ষ রবীন্দ্রসংগীত চর্চার সংগঠন উত্তরায়ণের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেছেন শিল্পী লিলি ইসলাম।

অনুষ্ঠানে গাওয়া হয় ‘এ কি সত্য সকলই সত্য’ গানটি। গানটি গাওয়ার আগে বলা হয়, রবীন্দ্রনাথ একমাত্র এ গানটির স্বরলিপি নিজ হাতে করেছিলেন।

অনুষ্ঠানে ‘বাজাও আমারে বাজাও’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’, ‘সুনীল সাগরের শ্যামল কিনারে’, ‘তোমার শেষের গানের’, ‘যেতে যেতে একলা পথে’ গানগুলো গেয়ে শোনান শিল্পীরা। গানের সূত্রসংযোগ করে আলেখ্য পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ।

পথনাটক প্রদর্শনী

গতকাল বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে হলো পথনাটকের প্রদর্শনী। বাংলাদেশ পথনাটক পরিষদের শীতকালীন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয়েছিল এটি। ২৫ বছর ধরে কর্মসূচিটি পালিত হচ্ছে।

গতকাল চারটি নাটক দেখানো হয়। প্রাচ্যনাটের শ্বাসমূল নাটকটি একটি যৌথ প্রযোজনা। লোক নাট্যদলের (টিএসসি) গুটিবাজনাটকের নাট্যকার ও নির্দেশক শামীম আহসান। শহীদুল হক খানের রচনা ও নির্দেশনায় দেখানো হয় অবয়বের পুকুরচুরিনাটকটি। আর অপেরার বউনাটকটি লিখেছেন মান্না হীরা। নির্দেশক রেজা সবুজ। এবারের কর্মসূচি শুরু হয়েছে গত ১৬ নভেম্বর। চলবে আগামী মে দিবস পর্যন্ত।

প্রতি শুক্রবার সংগঠনটি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পথনাটকের প্রদর্শনী করছে।

সংবর্ধনা পেলেন অধ্যাপক সৈয়দ আকরম হোসেন

অধ্যাপক সৈয়দ আকরম হোসেনের ৭২তম জন্মদিন ছিল গত বৃহস্পতিবার। এ উপলক্ষে শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে প্রকাশনা সংস্থা ধ্রুপদ ও ঐতিহ্য প্রকাশিত সৈয়দ আকরম হোসেন সংবর্ধনা গ্রন্থ-এর মোড়ক উন্মোচন করা হয়।

কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও সাংবাদিক আবেদ খান। সৈয়দ আকরম বলেন, ‘আমি অভিভূত, অনুপ্রাণিত। প্রমাণিত হলো, গোপনে কাজ করে গেলে মানুষের ভালোবাসা পাওয়া যাবেই।’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন কবি শাহনাজ মুন্নী।