চলে গেলেন আনোয়ার হোসেন

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আনোয়ার হোসেন চলে গেলেন না-ফেরার দেশে (ইন্না লিল্লাহি...রাজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত একটা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
এ তথ্য নিশ্চিত করে আনোয়ার হোসেনের স্ত্রী নাসিমা আনোয়ার প্রথম আলো ডটকমকে জানান, তিন সপ্তাহ ধরে তিনি (আনোয়ার) স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গতকাল সন্ধ্যা থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। রাত একটা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে আনোয়ার হোসেনের মরদেহ তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (এফডিসি) নেওয়া হয়েছে। সেখানে আনোয়ার হোসেনের দীর্ঘদিনের সহকর্মীদের পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আনোয়ার হোসেনকে তাঁর মায়ের কবরে দাফন করা হবে।
আনোয়ার হোসেনের জন্ম জামালপুর জেলার সরুলিয়া গ্রামে। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ‘নবাব সিরাজদ্দৌলা’, ‘লাঠিয়াল’, ‘জীবন থেকে নেয়া’, ‘ভাত দে’সহ পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘নবাব সিরাজদ্দৌলা’ ছবিতে অভিনয় করে তিনি বাংলার মুকুটহীন সম্রাটে পরিণত হন। কাজের স্বীকৃতি হিসেবে বাচসাস, পাকিস্তানের নিগারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন গুণী এ অভিনয়শিল্পী। ‘লাঠিয়াল’ ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরে আরও দুবার তিনি এ সম্মানে ভূষিত হন। এ ছাড়া ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আসর থেকে আজীবন সম্মাননা পেয়েছেন এই গুণী শিল্পী। বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৫ সালে একুশে পদকও পান তিনি। আনোয়ার হোসেনের চার ছেলে ও এক মেয়ে। চার ছেলের মধ্যে বড় ছেলে থাকেন সুইডেনে। অন্য তিন ছেলে থাকেন যুক্তরাষ্ট্রে।