চলে গেলেন আহমদ জামান চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন সাংবাদিক ও চলচ্চিত্রকার আহমদ জামান চৌধুরী (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল বুধবার বেলা পৌনে তিনটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। ১ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হন আহমদ জামান চৌধুরী। তিনি ইবনে সিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।সাংবাদিকতার পাশাপাশি আহমদ জামান চৌধুরী অসংখ্য চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেন। তিনি ছিলেন চিত্রালীর সাবেক সম্পাদক।তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এবং বাদ আসর এফডিসিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। আহমদ জামান চৌধুরীর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) শোক প্রকাশ করেছে।১৯৪৭ সালের ২৮ ডিসেম্বর চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন আহমদ জামান চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।চলচ্চিত্র সাংবাদিকতা ও অন্যান্য ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ আহমদ জামান চৌধুরী পেয়েছেন অনেক পুরস্কার। এর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার উল্লেখযোগ্য। চিত্রালীর পর আহমদ জামান চৌধুরী দৈনিক যুগান্তর পত্রিকায় কাজ করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন।