চলে গেলেন ঋতুপর্ণ ঘোষ
চলে গেলেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক ঋতুপর্ণ ঘোষ (৪৯)। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে তিনি তাঁর দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডের বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি পাকস্থলির সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর রুমে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে জানান, মাঝরাতে ঘুমের মধ্যে ঋতুপর্ণ ঘোষ হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান।সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ঋতুপর্ণর মরদেহ গতকাল বেলা সাড়ে তিনটায় নিয়ে যাওয়া হয় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে। এরপর সন্ধ্যায় নিয়ে যাওয়া হয় টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে। রাতে ঋতুপর্ণর শেষকৃত্য সম্পন্ন হয় দক্ষিণ কলকাতার সিরিটি মহাশ্মশানে।ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি হীরের আংটি। ছোটদের জন্য তিনি ছবিটি তৈরি করেছিলেন ১৯৯৫ সালে। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলো হলো—উনিশে এপ্রিল, বাড়িওয়ালি, দহন, অসুখ, উৎসব, তিতলি, নৌকাডুবি, আবহমান, চিত্রাঙ্গদা, শুভ মহরৎ, চোখের বালি, দোসর, খেলা, সব চরিত্র কাল্পনিক। তাঁর হিন্দি ছবি দুটি হলো রেইনকোট ও সানগ্লাস এবং ইংরেজি ছবি দ্য লাস্ট লিয়ার। তাঁর শেষ ছবি সত্যান্বেষী অসম্পূর্ণ রয়ে গেছে। ঋতুপর্ণ ঘোষ টিভি চ্যানেল ইটিভিতে ‘এবং ঋতুপর্ণ’ এবং স্টার জলসায় ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ নামে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তিনি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। ছিলেন ‘আনন্দলোক’ পত্রিকার সম্পাদক। সংবাদ প্রতিদিন পত্রিকার সাময়িকী রোববার-এর সম্পাদনার দায়িত্বেও ছিলেন তিনি।