চলে গেলেন একজন ভালো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণের জানালা নাটক করার জন্য মুস্তাফিজুর রহমান বিটিভিতে ডাকলেন। সেদিনই পরিচিত হলাম বুলবুল আহমেদের সঙ্গে। বেশ পরিপাটি মানুষ। সাবলীল ভঙ্গিতে কথা বলেন। নাটকে কাজ করতে গিয়ে দেখলাম, একেবারেই ভদ্র মানুষ তিনি। কাজের ফাঁকে মজা করতেন, গল্প শোনাতেন।এরপর আমরা হুমায়ূন আহমেদের এই সব দিনরাত্রি নাটকে অভিনয় করলাম। সে এক আলোচিত নাটক হয়ে উঠল। হাসি-কান্না, দুঃখ-বেদনা, কী ছিল না সেই নাটকে। আর এ নাটকেই টুনির বাবা বুলবুল আহমেদ। আমি টুনির মা। পরিবারের বন্ধন আর মায়াজালে আমরা যেন অভিনয় থেকে সত্যিকারের এক জীবনে চলে গেলাম।নাটকে একবার হুমায়ূন আহমেদ বললেন, আসাদুজ্জামান নূর ও বুলবুল আহমেদকে লুঙ্গি পরতে হবে। কিন্তু বুলবুল ভাই সব সময় নিজেকে পরিপাটি করে রাখতে চাইতেন। তাই লুঙ্গি পরে দর্শকের সামনে আসতে চাইলেন না। নূর ভাই লুঙ্গি পরলেন। এ নিয়ে কত হাসি-তামাশা করলাম আমরা। নাটকে দেখা যেত, আমি বাচ্চাকাচ্চা নিয়ে থাকি সব সময়। বাস্তব জীবনে তখনো আমার কোনো ছেলেমেয়ে হয়নি। একদিন নাটকের শুটিংয়ের ফাঁকে কয়েকটি বাচ্চা আমাকে ঘিরে ধরে রেখেছে। বুলবুল ভাই বললেন, শোনেন, বাচ্চাগুলোকে সব সময় ধরে রাখবেন, তাহলেই নিজের গর্ভে সন্তান আসবে। সত্যি সত্যি একদিন মা হয়ে যাবেন। কী কাকতালীয় কথা, এই নাটকের কাজ করতে করতেই আমি একসময় সন্তানসম্ভবা হলাম।বুলবুল ভাইয়ের সঙ্গে আমার অনেক দিন দেখা হলো না। আমি যে বাসায় থাকি, সে বাসার ওপরতলায় থাকে বুলবুল ভাইয়ের বড় ভাইয়ের মেয়ে। আমার স্বামী জহুর যখন খুবই অসুস্থ, তখন বুলবুল ভাই তাঁর ভাতিজির বাসা থেকে আমার বাসায় এলেন। জহুরকে দেখে আঁতকে উঠে বললেন, ভাইয়ের শরীরটা যে এতটা ভেঙে গেছে, তা তো ভাবতেই পারিনি।ভাগ্যের কী নির্মম পরিহাস! প্রায় দেড় মাস আগে বুলবুল ভাই এসেছিলেন তাঁর ভাতিজির বাসায়। সে সময় তাঁর ভাতিজি আমাকে খবর দিল। আমি গেলাম, আঁতকে উঠলাম। এ কী! এই মানুষটি কি সেই মানুষ, যাঁর সঙ্গে কাজ করেছি মাসের পর মাস? একপলক তাকালেন। কোনো কথা বললেন না। আমি কিছু বলতে পারলাম না। শুকিয়ে কাঠ হয়ে গেছেন বুলবুল ভাই। আমি কাছে গেলাম। নিজ থেকেই দু-চারটি কথা বললাম। তিনি কিছুই বললেন না। বিদায় নিয়ে চলে এলাম। তারপর...তারপর একদিন ভোরে জানলাম সেই দুঃসংবাদ। আমাদের বুলবুল ভাই আর নেই। নিষ্ঠুর নিয়তি তাঁকে নিয়ে গেছে অনেক দূরে।বুলবুল ভাইয়ের সঙ্গে বিক্ষোভ ছবিতে কাজ করেছিলাম। সিনেমায় বেশি কাজ করা হয়নি। অনেক দিন পর দিলীপ বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিতে কাজ করলাম। তখনো বুলবুল ভাই ছিলেন সুস্থ একজন মানুষ। আর কতই না দ্রুত তিনি অসুস্থ হলেন, বিছানা নিলেন। একজন ভালো মানুষ চলে গেলেন।