চলে গেলেন চলচ্চিত্র-নির্মাতা জিল্লুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন চলচ্চিত্র-নির্মাতা জিল্লুর রহমান। গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটায় রাজধানীর আলরাজী হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই তিনি শরীরে জ্বর অনুভব করছিলেন। জ্বর বেড়ে গেলে তাঁকে সূত্রাপুরে মালাকারটোলায় বাসার কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে বিকেলে আলরাজী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জিল্লুর রহমান ১৯৪৮ সালের ১০ জুলাই ময়মনসিংহের ফুলপুর থানার কাজিয়াকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। বরেণ্য চলচ্চিত্র-নির্মাতা নারায়ণ ঘোষের সহকারী হিসেবে ‘দীপ নেভে নাই’ ছবির মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে তিনি জড়িত হন। তাঁর প্রথম পরিচালিত ‘মিস ললিতা’ (১৯৮৫)। এরপর তিনি ‘আঁচলবন্দী’, ‘আয়নামতি’, ‘শুকতারা’, ‘বনবাসে’, ‘বেদের মেয়ে জোছনা’ (কলকাতা), মোহন বাঁশি, গরীবের ওস্তাদ, টাইগার, বাবা মাস্তান, ঈমানদার মাস্তান, স্বপ্নের ভালোবাসা, নিষিদ্ধ প্রেমসহ বেশ কিছু ছবি নির্মাণ করেন। তাঁর নির্মিত সর্বশেষ ছবি ‘আক্কেল আলীর নির্বাচন’। ছবিটি ২০০৮ সালে মুক্তি পায়।আজ সকাল ১১টায় মালাকারটোলা জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে নিজের মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। জিল্লুর রহমান মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।জিল্লুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।