চলে গেলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব কে এম আর মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে এম আর মঞ্জুর
কে এম আর মঞ্জুর

দেশের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক কে এম আর মঞ্জুর আর নেই। শনিবার দিবাগত রাত আড়াইটায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মাস খানেক আগে তিনি রাজধানীর ইউনাইটেড ও অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

কে এম আর মঞ্জুরের মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন প্রযোজক-পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু।

খোরশেদ আলম খসরু বলেছেন, ‘মঞ্জুর ভাই বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল রাতে হঠাৎ তাঁর শরীরের রক্তচাপ মারাত্মক হারে কমে যায়। এরপর তাঁকে উত্তরার বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মাঝপথেই তিনি মারা যান। এরপর গাড়ি ঘুরিয়ে তাঁকে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

খসরু জানিয়েছেন, কে এম আর মঞ্জুরের দুই ছেলে ও তিন মেয়ে। সন্তানেরা দেশের বাইরে আছেন। তাঁরা দেশে আসার পরই তাঁর মরদেহ দাফন করা হবে। এর আগ পর্যন্ত কে এম আর মঞ্জুরের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। এফডিসিতে মঙ্গলবার তাঁর মরদেহ আনা হবে।

চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি দীর্ঘদিন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি ও উত্তরা ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কে এম আর মঞ্জুর। মুক্তিযুদ্ধ ও আমাদের জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে কে এম আর মঞ্জুর একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘দাঙ্গা’, ‘সিপাহি’, ‘আমার প্রেম আমার অহংকার’সহ বেশ কিছু জনপ্রিয় ছবি মুক্তি পায়।


একজন সফল চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে তিনি একাধিকবার চলচ্চিত্রের প্রাণ-সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মহাসচিব ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে বাংলাদেশ ফিল্ম ক্লাবের তিনবারের সফল সভাপতিও ছিলেন তিনি।

চলচ্চিত্রের ক্রান্তি লগ্নে বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন সংগঠন থেকেও পুরস্কৃত হয়েছেন কে এম আর মঞ্জুর। তিনি ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন এফবিসিসিআইয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। প্রদর্শক হিসেবেও তাঁর সুনাম ছিল। ঢাকার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী কে এম আর মঞ্জুর। এর মধ্যে আছে ‘অভিজাত’, ‘অভিসার’, ‘নেপচুন’, ‘আগমন’ ও ‘অতিথি’।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।