চলে গেলেন তবলাশিল্পী ওস্তাদ কামরুজ্জামান মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন বিশিষ্ট তবলাশিল্পী ওস্তাদ কামরুজ্জামান মনি। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। ১৯২৭ সালের ২২ মে কুমিল্লা শহরে কামরুজ্জামান মনি জন্ম গ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায়। ১৯৪৭ সালে ম্যাট্রিকুলেশন পাস করে তিনি পরের বছর চাকরিতে যোগ দেন। তিনি রাজস্ব বিভাগে ২১ বছর এবং হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৫ বছর চাকরি করেন।কামরুজ্জামান মনির তবলায় প্রথম হাতেখড়ি ওস্তাদ বারীণ মজুমদারের হাতে। পরে সিরাজগঞ্জের সুধীর কুমার সাহা, ঢাকায় খাজা গোলাম মোস্তফা ওয়ারসি এবং এরপর তিনি ভারতের রামপুরে ওস্তাদ শওকত আলী খান কাদরীর কাছ থেকেও তবলায় তালিম নেন। ওস্তাদ কামরুজ্জামান মনি সংগীত মহাবিদ্যালয়, নজরুল একাডেমী, আলতাফ মাহমুদ সংগীত বিদ্যায়তনে তবলার শিক্ষক ছিলেন। তবলা শিক্ষার ব্যাপারে এবং এর উন্নতির জন্য ১৯৭২ সালে ‘তবলা শিক্ষালয়’ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। রেডিও টিভিতেও বহু বছর তিনি তবলা শিক্ষা পরিচালনা করেছেন। গুণীজন হিসেবে ওস্তাদ কামরুজ্জামান মনি বহু সংবর্ধনা পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বুলবুল ললিতকলা একাডেমী (বাফা), রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, ধ্রুব পরিষদ চট্টগ্রাম, মোজাম্মেল হোসেন স্মৃতি পদক রাজশাহী, ঝংকার ললিতকলা কেন্দ্রসহ বহু সম্মাননা।‘তবলা বিজ্ঞান’ নামে তাঁর একটি বই আছে।