চলে গেলেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাঁওলি মিত্র

প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও অভিনেত্রী শাঁওলি মিত্র আর নেই। রোববার দুপুরে কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

নাট্যকিংবদন্তি শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের মেয়ে শাঁওলি মিত্র। রোববার সন্ধ্যায় কলকাতার সিরিটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে ‘বঙ্গবালা’র চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান শাঁওলি মিত্র। এ ছাড়া অভিনয় করেছেন ‘বিতত বিতংস’, ‘ডাকঘর’, ‘নাথবতী অনাথবত’, ‘পুতুল খেলা’, ‘একটি রাজনৈতিক হত্যা’, ‘হযবরল’, ‘চণ্ডালী’, ‘পাগলা ঘোড়া’, ‘পাখি’, ‘গ্যালিলিওর জীবন’-এর মতো একাধিক সাড়া ফেলা নাটকে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে পদ্মশ্রী পুরস্কার পান শাঁওলি মিত্র। এ ছাড়া ২০০৩ সালে সংগীত-নাটক একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে বঙ্গ-বিভূষণ পুরস্কার পান তিনি।

শাঁওলি মিত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।