চলে গেলেন নায়িকা রওশন আরা
চলে গেলেন প্রথম দিকের চলচ্চিত্রের নায়িকা রওশন আরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। রওশন আরা প্রায় দুই বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।রওশন আরার একমাত্র মেয়ে রিতি কানাডায় রয়েছেন। কাল শনিবার তাঁর দেশে আসার কথা রয়েছে। রিতি দেশে আসার পরই রওশন আরার দাফন সম্পন্ন হবে। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি রওশন আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, রওশন আরার জন্ম ১৯৪০ সালের ৩ আগস্ট পাবনায়। মেডিকেল কলেজের ছাত্রী থাকা অবস্থায় তিনি চলচ্চিত্রে আসেন এবং মহীউদ্দীন পরিচালিত মাটির পাহাড় ছবিতে অভিনয় করেন। ১৯৫৯ সালের ২৮ আগস্ট ছবিটি সিনেমা হলে মুক্তি পায়।এরপর সালাউদ্দিন পরিচালিত সূর্যস্নান ছবিতেও অভিনয় করেন রওশন আরা। একই পরিচালকের যে নদী মরু পথে ছবিতে তিনি খান আতাউর রহমানের বিপরীতে অভিনয় করেন। রওশন আরা অভিনীত অন্য ছবিগুলো হচ্ছে, মেঘের অনেক রং, নতুন সুর, ইয়েভি এক কাহানি, নদী ও নারী, সোহানা সফর, আমির-ফকির, দরদী শত্রু ইত্যাদি।