চলে গেলেন পল ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল ওয়াকার
পল ওয়াকার

কেউ মেনে নিতে পারছে না পল ওয়াকারের চলে যাওয়ার ঘটনাটি। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এর খ্যাতিমান এই অভিনেতা চলে যাওয়ার জন্য এ রকম এক ভয়াবহ যাত্রা বেছে নিলেন! সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকে বিহ্বল হয়ে গিয়েছিল বিনোদন জগৎ।
খ্যাতিমান এই অভিনেতা ১৯৭৩ সালের ১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার গ্ল্যান্ডেল শহরে জন্মগ্রহণ করেন। কলেজ পাস করার পর সামুদ্রিক জীববিজ্ঞান নিয়ে ছিল তাঁর আগ্রহ। ১৯৮৬ সালে মনস্টার ইন দি ক্লোজেট চলচ্চিত্র এবং থ্রব টিভি ধারাবাহিক দিয়ে তাঁর অভিনয়জীবনের যাত্রা শুরু। ১৯৯৯ সালে ভার্সিটি ব্লুস ছবি দিয়ে তিনি সবার নজরে আসেন। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০১ সাল থেকে শুরু হওয়া ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ছবিতে ব্রায়ান ও’কনর চরিত্রের মধ্য দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। ছবিতে গাড়ির বিভিন্ন ধরনের বিপজ্জনক কসরত তিনি নিজেই সম্পন্ন করতেন। এ পর্যন্ত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ছবিটির ছয়টি পর্ব বের হয়েছে। ছয় পর্বের প্রতিটিতেই তিনি সফলভাবে অভিনয় করেন। এ পর্যন্ত তিনি ৩০টি চলচ্চিত্র এবং ১১টি ধারাবাহিকে অভিনয় করেন। ২০০৩ সালে তিনি টু ফাস্ট টু ফিউরিয়াস ছবিটির জন্য ‘টিন চয়েস অ্যাওয়ার্ড’ পান। এ ছাড়া তিনি জো রাইড, ইনটু দি ব্লু এবং টাইম লাইন ছাড়াও আরও কয়েকটি ছবির মূল চরিত্রে অভিনয় করেন। তাঁর জীবনে শেষ দুটি ছবি হলো আওয়ার্স ও পন শপ ক্রনিকেলস।
এ ছাড়া ব্রিক ম্যানশনস ও ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭ ছবি দুটি নির্মাণাধীন ছিল। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭ ছবিটির শুটিং আগামী বছরের জানুয়ারিতে আবুধাবি শহরে শুরু হওয়ার কথা ছিল।
তিনি তাঁর প্রেমিকা রেবেকা ও মেয়ে মিদোকে নিয়ে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় থাকতেন। ছবিতে অভিনয় করা ছাড়াও তিনি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে হাঙর নিয়ে গবেষণা করার জন্য কয়েক পর্বের একটি ধারাবাহিক তৈরি করেন। গত ৩০ নভেম্বর টাইফুন হাইয়ানের শিকার মানুষদের জন্য গঠিত চ্যারিটি থেকে ফেরার সময় ভালেন্সিয়ায় তিনি এবং তাঁর বন্ধু রজার রোডাস ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান। রোডাস গাড়িটি চালাচ্ছিলেন, তিনি হঠাৎ করেই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি একটি লাইট পোল এবং একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। গাড়িটি বিস্ফোরণের কারণে তাঁরা ঘটনাস্থলেই মারা যান।
রোডাস ছিলেন পলের ‘কার পারফরম্যান্স শপ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। পলের মৃত্যুতে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এর পুরো দল, অন্যান্য সহকর্মী এবং ভক্তরা অত্যন্ত শোকার্ত।