চলে গেলেন প্রাণ

পুরো ছয় দশক বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন প্রাণ (৯৩)। পুরো নাম প্রাণ কিষান সিকন্দ। নায়ক, খলনায়ক, চরিত্রাভিনেতা—এ তিনটি ক্ষেত্রেই তিনি ছিলেন সফল। অভিনয় করেছেন প্রায় চার শ ছবিতে। বলিউডের প্রখ্যাত এই অভিনেতা আর নেই। গত শুক্রবার রাত সাড়ে আটটায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গতকাল শনিবার দুপুরে মুম্বাইয়ের দাদরার শিবাজী পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে প্রাণ পেয়েছেন অসংখ্য পুরস্কার। এ বছর এপ্রিল মাসে তাঁর হাতে তুলে দেওয়া হয় ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’। ২০০১ সালে তিনি পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মভূষণ’। ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন চারবার।
প্রাণ প্রথম অভিনয় করেন যমলা জট (১৯৪০) ছবিতে। এটি ছিল পাঞ্জাবি ছবি। তাঁর উল্লেখযোগ্য ছবি হলো জঞ্জির, ডন, অমর-আকবর-অ্যান্টনি, ববি, কাশ্মীর কি কলি, খান্দান, অওরাত, হাফ টিকিট, উপকার, রাম ঔর শ্যাম, পুরব ঔর পশ্চিম, কালিয়া, মধুমতী, নসিব, জিস দেশমে গঙ্গা বহতে হ্যায়, মিলন, দুনিয়া, জনি মেরা নাম, শরাবি, ভিক্টোরিয়া নাম্বার ২০৩ ইত্যাদি।
প্রাণের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বলিউডের প্রখ্যাত তারকারা শোক প্রকাশ করেছেন। অমিতাভ বচ্চন বলেন, ‘প্রাণ ছিলেন আমাদের চলচ্চিত্র শিল্পের বিরাট এক স্তম্ভ।’ শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং লোকসভার স্পিকার মীরা কুমার।
১৯২০ সালের ১২ ফেব্রুয়ারি পুরোনো দিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে তাঁর জন্ম।