চলে গেলেন বিজয়া রায়

বিজয়া রায় আর নেই। গত মঙ্গলবার সন্ধ্যায় ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। গত শনিবার নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন ধরেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুকালে রেখে যান তাঁর একমাত্র পুত্র চিত্রপরিচালক সন্দীপ রায়সহ অসংখ্য ভক্ত আর গুণগ্রাহী।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পত্নী বিজয়া রায়ের জন্ম ১৯১৭ সালে বিহারের পাটনায়। ১৯৩১ সালে তাঁর সঙ্গে দেখা হয় সত্যজিৎ রায়ের। বিয়ে ১৯৪৯ সালে। তাঁদের একমাত্র পুত্র সন্দীপ রায়ের জন্ম হয় ১৯৫৩ সালে।
১৯৪৪ সালে শেষ রক্ষা ও ১৯৫০ সালে মশাল নামে দুটি ছবিতে অভিনয়ও করেন বিজয়া। আমাদের কথা নামে লেখা তাঁর আত্মজীবনী পাঠকমহলে সমাদৃত হয়। সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালীর জন্য তিনি নিজের গয়না বিক্রি করে দেন। বলা হয়, বিজয়া রায়ই স্বাধীনতার পর প্রথম বাঙালি কন্যা, যিনি ১৯৪৯ সালে আত্মীয়কে (কাজিন) বিয়ে করেছেন।
বিজয়া রায়ের মৃত্যুসংবাদ শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়েছিলেন সমবেদনা জানাতে।