চলে গেলেন বেবী জামান
চলে গেলেন এ দেশের চলচ্চিত্রের প্রখ্যাত অভিনয়শিল্পী বেবী জামান। গত ২৫ জানুয়ারি শুক্রবার দুপুর ১.৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহ ... রাজিউন)। বেবী জামানের ছোট ভাই চৌধুরী আনিসুজ্জামান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ‘ভাইয়া (বেবী জামান) বেশ কয়েক বছর যাবত্ কিডনি ও লিভারজনিত অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতালে গিয়ে চিকিত্সা করানো সম্ভব ছিল না বিধায় বাসাতেই তাঁর চিকিত্সা করানো হতো।’ ৪ জানুয়ারি বেবী জামানের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানেই মৃত্যুর আগ পর্যন্ত তাঁর চিকিত্সা চলে। মৃত্যুকালে বেবী জামান স্ত্রী রওশন আরা জামান, দুই ছেলে সাঈদুজ্জামান রোজেন, মাহমুদুজ্জামান রোমেন ও এক মেয়ে শারমীন জামান তিথিসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দেশীয় চলচ্চিত্রে কখনো নায়কের বন্ধু, কখনো ভাই, কখনো বাবা আবার কখনো খলনায়ক চরিত্রসহ বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেছেন বেবী জামান। ১৯৩৩ সালের ২৮ জানুয়ারি ভারতের বর্ধমানে তার জন্ম। চার ভাই তিন বোনের মধ্যে চৌধুরী বদরুজ্জামান (বেবী জামানের পারিবারিক নাম) ছিলেন মেজ। বাবা চৌধুরী আজফার হোসেন ছিলেন পেশায় একজন আইনজীবী। মা মোসলেমা খাতুন ছিলেন গৃহিণী। বর্ধমানেই এসএসসি পর্যন্ত পড়াশোনা করার পর ১৯৫৩ সালে তাঁরা বাংলাদেশে চলে আসেন। থাকতেন ঢাকার গেন্ডারিয়াতে। সেখানেই পরিচয়ের সুবাদে নাটক করতেন সুভাষ দত্ত, শওকত আকবর, হাসান ইমাম সহ আরো অনেকের সাথে। বেবী জামান ১৯৬৪ সালে কাজী খালেক পরিচালিত প্রথম ছবি ‘মেঘ ভাঙ্গা রোদ’ -এ প্রথম অভিনয় করেন। যদিও মেঘ ভাঙ্গা রোদ ছবিতে তিনি একটি কমেডি চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু সুভাষ দত্তের পরিচালনায় তাঁর অভিনীত ‘সুতরাং’ ছবিটিই বেবী জামান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। এ ছবিতে তিনি অভিনেত্রী কবরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম ছবিতেই এদেশের চলচ্চিত্রের দর্শকরা তাঁকে সাদরে গ্রহণ করেন। সে সময় চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করতেন বেবী জামান। আর করতেন মঞ্চ নাটক।১৯৬২ সালের ২৭ মে রওশন আরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বেবী জামানের উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে- কাগজের নৌকা, ১৩ নং ফেকু ওস্তাগর লেন, সুয়োরানি দুয়োরানি, দুই ভাই, জীবন থেকে নেয়া, জাল থেকে জ্বালা, মোহসীন, রাজলক্ষ্মী শ্রীকান্ত, সমাপ্তি, যোগ বিয়োগ, টাকা আনা পাই ইত্যাদি। সব মিলিয়ে ৫০ এর অধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। ছবিতে অভিনয় করার পাশাপাশি তিনি তিনটি ছবি প্রযোজনা করেছেন। এগুলো হচ্ছে যাহা বলিব সত্য বলিব, আলো ছায়া ও অপবাদ। ২০০৫ সাল পর্যন্ত তিনি ব্যবসার সাথে জড়িত ছিলেন। এরপর অসুস্থতার জন্য সব কাজ থেকে ছুটি নিয়ে ঘরেই সময় পার করার সিদ্ধান্ত নেন। জীবনের শেষ কয়েকটি বছর নীরবে নিভৃতেই লালমাটিয়ার নিজ বাসাতে কাটিয়ে দেন বেবী জামান। গত শুক্রবার বাদ এশা নামাজে জানাজার পর মোহাম্মদপুর তাজমহল রোডের কবরস্থানে বেবী জামানকে দাফন করা হয়।