চলে গেলেন রাজেশ খান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজেশ খান্না আর নেই। আজ বুধবার দুপুরের পর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ তারকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।রক্তচাপ কমে যাওয়া এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় গত ১৪ জুলাই শনিবার বিকেলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজেশ খান্না। ১৬ জুলাই সোমবার বিকেলে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এক খবরে জানিয়েছে জিনিউজ। এর আগে শারীরিক দুর্বলতার কারণে গত ২৩ জুন লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজেশ খান্না। ৮ জুলাই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও, এক সপ্তাহের মাথায় আবারও লীলাবতী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া গত এপ্রিলেও শারীরিক দুর্বলতার কারণে একই হাসপাতালে ভর্তি ছিলেন রাজেশ খান্না।উল্লেখ্য, ১৯৪২ সালের ২৯ ডিসেম্বর ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন ভারতের এই প্রখ্যাত অভিনেতা। তাঁর নাম ছিল যতীন খান্না। পরবর্তী সময়ে নাম পালটে তিনি হয়ে যান রাজেশ খান্না। ১৯৬৬ সালে ‘আখরি খত (দ্য লাস্ট লেটার)’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। তাঁকে হিন্দি চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ অভিনয় জীবনে ‘রাজ’, ‘দো রাস্তে’, ‘আরাধনা’সহ মোট ১৬৩টি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ১০৬টি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাঁকে। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরপর ১৫টি হিট ছবি উপহার দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘রোম্যান্টিক হিরো’ খ্যাত রাজেশ খান্না।কাজের স্বীকৃতি হিসেবে দাদা সাহেব ফালকে, প্রাইড অব দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, কলা রত্ন, অপ্সরা, জি সিনে, আইফা, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার জিতেছেন গুণী এ অভিনেতা। কিছুদিন আগে আর বাল্কির নির্দেশনায় হ্যাভেল’স ফ্যানের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন রাজেশ খান্না।