চলে গেলেন রেনেসাঁ-সদস্য মুন্না
ব্যান্ডদল রেনেসাঁর সদস্য মাহবুব মোর্শেদ মুন্না (৪৯) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বুধবার সকাল ছয়টায় ধানমন্ডির বাসায় হার্ট অ্যাটাক হলে তাঁকে দ্রুত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি বাবা, দুই ভাইসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।আজ বাদ আসর সাতমসজিদ ঈদগাহ মাঠে মোর্শেদ মুন্নার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।মাহবুব মোর্শেদ মুন্নার ছোট ভাই ফয়সাল মোর্শেদ বলেন, ‘ভাইয়া দীর্ঘদিন ডায়াবেটিস, রক্তচাপসহ বেশ কয়েকটি রোগে ভুগছিলেন। চিকিত্সকদের শরণাপন্ন হলেও তাঁর অবস্থার খুব একটা উন্নতি হয়নি।’রেনেসাঁ ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘খুব অল্প সময়ে মুন্না আমাদের ছেড়ে চলে গেল। তাঁর মৃত্যুতে আমাদের বড় ক্ষতি হয়ে গেল।’প্রায় ২০ বছর আগে মাহবুব মোর্শেদ ব্যান্ডদল রেনেসাঁয় হারমোনিকা বাদক হিসেবে কাজ শুরু করেন। এ সময় তিনি কনসার্ট, ঘরোয়া ও টেলিভিশনে অনুষ্ঠানে হারমোনিকা বাদক হিসেবে কাজ করেছেন।মাহবুব মোর্শেদ মুন্না পেশায় চিকিত্সক ছিলেন। তিনি মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) কর্মরত ছিলেন।