চলে গেলেন শচীন ভৌমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি লেখক ও পরিচালক শচীন ভৌমিক আর নেই। আজ মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। শচীন ভৌমিক ১৯৫৮ সালে নরেন্দ্র সুরি পরিচালিত ‘লজ্জাবতী’ ছবির চিত্রনাট্যের মধ্য দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেন। তারপর একে একে প্রায় ৭০টি সিনেমার চিত্রনাট্যের কাজ করেন তিনি। ব্রহ্মচারী চলচ্চিত্রে অসাধারণ চিত্রনাট্যের জন্য শচীন ভৌমিক ১৯৬৮ সালে ফিল্ম ফেয়ার সেরা গল্পকারের পুরস্কার জিতে নেন। আলোচিত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ক্যারাভান’, ‘আরাধনা’, ‘লাভ ইন টোকিও’, ‘গোলমাল’, ‘দো আওর দো পাঁচ’, ‘কারমা’, ‘কারান অর্জুন’ ও ‘তাল’। শচীন ভৌমিকের সর্বশেষ কাজ হচ্ছে রাকেশ রৌশন পরিচালিত ‘কৌয়ি মিল গ্যায়া’ ও ‘কৃশ’। অসংখ্য চলচ্চিত্রের চিত্রনাট্য করলেও জীবনে মাত্র একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন শচীন ভৌমিক। ১৯৭৩ সালে তাঁর পরিচালিত মুক্তি পাওয়া ছবিটির নাম ‘রাজা রানী’। এতে অভিনয় করেছিলেন সে সময়কার আলোচিত তারকা জুটি রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর।কল্পনা নামের একজন বলিউড অভিনেত্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শচীন ভৌমিক। পরে তাঁদের ছাড়াছাড়িও হয়ে যায়।