চলে গেলেন শিল্পী বিপুল ভট্টাচার্য

না ফেরার দেশে চলে গেলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্য। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। গতকাল শুক্রবার সকাল নয়টা ২৫ মিনিটে ধানমন্ডির আহমদ মেডিকেল সেন্টারে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পীর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশিষ্ট সংগীতশিল্পী বিপুল ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবাণীতে বলেছেন, যাঁরা স্বাধীনতাযুদ্ধে সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছিলেন, বিপুল ভট্টাচার্য ছিলেন তাঁদের মধ্যে একজন। বিপুল ভট্টাচার্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁকে দেখার জন্য তাঁর সহকর্মী, বন্ধুসহ বিভিন্ন অঙ্গনের মানুষ হাসপাতালে ও তাঁর বাসভবনে ছুটে আসেন। বিপুল ভট্টাচার্যের স্ত্রী কুমকুম ভট্টাচার্য গতকাল জানান, হাসপাতাল থেকে মরদেহ দুপুরে ছায়ানট মিলনায়তনে আনা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তাঁকে নিয়ে আসা হয় মোহাম্মদপুরের বাসভবনে। এরপর তাঁর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিল্পীর মরদেহ রাখা হবে। এরপর সেখান থেকে নেওয়া হবে পোস্তগোলা শ্মশানঘাটে। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে বিপুল ভট্টাচার্য ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে আহমদ মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।
বিপুল ভট্টাচার্য ১৯৫২ সালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে বাংলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তরুণ বিপুল গানে গানে ছড়িয়ে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের চেতনা। এ সময় মাইলের পর মাইল হেঁটে তিনি গেয়ে গেছেন দেশের গান। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত বিপুল ভট্টাচার্যের গাওয়া গান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে। শরণার্থী শিবিরের হাজার হাজার মানুষের মনে সাহস সঞ্চার করেছিলেন তিনি। মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সদস্য ছিলেন বিপুল। তিনি বাংলা গণসংগীত ও লোকগানেও রেখেছেন বিশেষ অবদান। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ পরিচালিত মুক্তির গান চলচ্চিত্রের ১১টি গানের মধ্যে ১০টিই তাঁর গাওয়া। বিপুল ভট্টাচার্য গান গেয়ে ও শিখিয়ে জীবিকা নির্বাহ করতেন।