চলে গেলেন সাইফুদ্দিন আহম্মেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা সাইফুদ্দিন আহম্মেদ (৮৩)। আজ বেলা তিনটায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)। সাইফুদ্দিন আহম্মেদ ২০০৬ সালে আলঝেইমার রোগে আক্রান্ত হন। এতে তাঁর স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। এ বছর জুন মাসে হঠাত্ করে তিনি বাথরুমে পা পিছলে পড়ে গুরুতর আঘাত পান এবং ঊরুর হাড় ভেঙে যায়। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থা দুর্বল থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। ফলে আস্তে আস্তে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ বেলা তিনটায় তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান।সাইফুদ্দিন আহম্মেদকে এখন হাসপাতাল থেকে কমলাপুরে তাঁর নিজ বাড়ি মায়াকাননে নিয়ে যাওয়া হচ্ছে। বাদ এশা সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানীর বুদ্ধিজীবী গোরস্থানে তাঁকে দাফন করা হবে। সাইফুদ্দিন আহম্মেদ স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর এক মেয়ে রয়েছেন ফ্রান্সে। মরহুম সাইফুদ্দিন আহম্মেদ ১৯২৭ সালে আসামের ধুবড়িতে জন্মগ্রহণ করেন। একমাত্র ছেলে সাইদ আহম্মেদ জানান, দীর্ঘ চলচ্চিত্রজীবনে তিনি চার শতাধিক চলচ্চিত্র এবং একশর বেশি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। ১৯৫৭ সালে প্রথম পূর্ণাঙ্গ সবাক ছবি ‘মুখ ও মুখোশ’-এ অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে নাম লেখান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে—‘জোয়ার এলো’, ‘পরশমণি’, ‘ময়নামতি’, ‘এতটুকু আশা’, ‘বধূবিদায়’, ‘নীল আকাশের নীচে’, ‘রূপের রানী চোরের রাজা’, ‘স্মৃতি তুমি বেদনা’, ‘শেষ উত্তর’, ‘বড় ভালো লোক ছিল’ ও ‘স্বামীর ঘর’।