চলে গেলেন সুচিত্রা মিত্র
প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী সুচিত্রা মিত্রের জীবনাবসান হয়েছে। আজ সোমবার দুপুরে দক্ষিণ কলকাতায় তিনি তাঁর গড়িয়াহাটের বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। নিজ বাসভবনেই তাঁর চিকিৎসা চলছিল।রবীন্দ্রসংগীতের প্রতি শিশুকাল থেকেই সুচিত্রা মিত্রের ঝোঁক ছিল। তাঁর প্রথম সংগীতগুরু ছিলেন পংকজকুমার মল্লিক। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও সাহচর্য লাভ করেছিলেন।এই প্রবাদপ্রতিম রবীন্দ্রসংগীতশিল্পী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান ছিলেন। ১৯৮৪ সালে তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। তাঁর সাড়ে চার শরও বেশি রবীন্দ্রসংগীতের রেকর্ড বের হয়েছে।সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য সুচিত্রা মিত্র ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী, বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আলাউদ্দিন পদক পেয়েছেন। এ ছাড়া তিনি পেয়েছেন সংগীত নাটক একাডেমি পুরস্কারসহ নানা সম্মাননা। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাম্ম্নানিক ডি-লিট পেয়েছেন। তিনি কলকাতার শেরিফও ছিলেন।সুচিত্রা মিত্রের মৃত্যুতে আজ পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পীরা বলেছেন, আজ দেশবাসী এক প্রবাদপ্রতিম সংগীতশিল্পীকে হারাল। এ ক্ষতি অপূরণীয়।উল্লেখ্য, সুচিত্রা মিত্র ১৯২৪ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।