চলে গেলেন হারাধন বন্দ্যোপাধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার দুপুর ১২ টা ৪০ মিনিটে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। এই গুণী অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অঙ্গনে।হারাধন বন্দ্যোপাধ্যায় ১৯২৬ সালের ৬ নভেম্বর বাংলাদেশের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ১৯৪৮ সালে তাঁর অভিনয় শুরু। এ পর্যন্ত দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। সত্যজিত্ রায়ের একাধিক ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। সত্যজিত্ রায়ের ‘কাপুরুষ’, ‘শাখা প্রশাখা’, ‘সোনার কেল্লা’ ‘জয়বাবা ফেলুনাথ’, ‘সীমাবদ্ধ’—এসব ছবিতে তাঁর অভিনয় দর্শকদের বিশেষভাবে নাড়া দিয়েছে। চলচ্চিত্রের পাশাপাশি তিনি মঞ্চেও ছিলেন একজন দাপুটে অভিনেতা। অনুরাগ বসুর ‘বরফি’ তাঁর অভিনীত শেষ ছবি।২০০৫ সালে হারাধন বন্দ্যোপাধ্যায় জাতীয় পুরস্কার পান। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ পুরস্কারে ভূষিত করে।