চলে গেলেন 'ইন্ডিয়ান আইডল ২' বিজয়ী সন্দীপ

মাত্র ২৯ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন ‘ইন্ডিয়ান আইডল ২’ বিজয়ী সন্দীপ আচার্য। ১৫ ডিসেম্বর রোববার দিল্লির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন প্রতিভাবান এই গায়ক। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সনু নিগম, শ্রেয়া ঘোষাল, আনু মালিক, ফারাহ খান, মিনি মাথুরসহ আরও অনেকে।
সন্দীপের ভাই অক্ষয় আচার্য জানিয়েছেন, ‘সন্দীপ আর আমাদের মাঝে নেই। জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে সে। রাজস্থানের একটি হাসপাতালে তিন দিন ভর্তি থাকার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। আমরা তাঁকে ১০ ডিসেম্বর গুড় গাঁওয়ের মেদান্তা হাসপাতালে ভর্তি করেছিলাম। চিকিত্সাধীন অবস্থায় ১৫ ডিসেম্বর মারা গেছে সে।’
২০০৬ সালে সংগীতবিষয়ক জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় মৌসুমে বিজয়ী হয়েছিলেন রাজস্থানের ছেলে সন্দীপ। এর পরপরই প্রকাশিত তাঁর প্রথম অ্যালবাম ‘মেরে সাথ সারা জাহান’। পরবর্তী সময়ে আরও কয়েকটি মিশ্র অ্যালবামসহ চলচ্চিত্রের গানেও কণ্ঠ দেন তিনি। চলতি মাসেই সন্দীপের নতুন অ্যালবাম ‘ও সোনম তেরে বিনা’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই জীবন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন তিনি।
সন্দীপের মৃত্যুতে শোক প্রকাশ করে এক টুইটার বার্তায় বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক সনু নিগম লিখেছেন, ‘জন্ডিসে মৃত্যু! খুবই দুঃখজনক। ২০১৩ সালেই মাত্র ২৯ বছরে পা দিয়েছিল ছেলেটা। ঈশ্বর! তুমি তাঁর অভিভাবকদের তীব্র এ শোক কাটিয়ে ওঠার শক্তি দাও।’
বাঙালি বংশোদ্ভূত বলিউডের প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘সন্দীপ আচার্যের মৃত্যুর খবর শুনে মনে প্রচণ্ড আঘাত পেয়েছি। এত কম বয়সে চমত্কার এই মানুষটির মৃত্যুকে মেনে নিতে পারছি না। আমি এখনও আশা করে আছি, সন্দীপের মৃত্যুর খবরটা হয়তো সত্যি নয়, গুজব।’
সংগীত পরিচালক আনু মালিক লিখেছেন, ‘সন্দীপের মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। আমি তাকে অনেক পছন্দ করতাম। সে খুবই অমায়িক ও ভদ্র একটি ছেলে ছিল। সময়ের আগেই চলে গেল সে।’