চলেই গেলেন পিলু মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর গাওয়া ‘একদিন তো চলে যাব’ গানটি ছিল খুব জনপ্রিয়। অনেকটা নিভৃতে চলেই গেলেন এই গানের শিল্পী পিলু মমতাজ। সত্তর ও আশির দশকের সাড়া জাগানো পপশিল্পী ছিলেন তিনি। ২২ মে রোববার দিবাগত রাতে বারিধারার (ডিওএইচএস) নিজ বাড়িতে হূদেরাগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। পিলু মমতাজ সত্তর ও আশির দশকে টিভি ও মঞ্চে গান গেয়ে বেশ সাড়া জাগান। বিটিভিতে প্রচারিত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানে তিনি ‘একদিন তো চলে যাব, পরের ঘরনি হব’ গানটি গেয়ে দর্শকশ্রোতার দৃষ্টি কাড়েন। পাশাপাশি মঞ্চে তিনি ওই সময়ের চার পপশিল্পী—আজম খান, ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর ও ফিরোজ সাঁইয়ের সঙ্গে এক হয়ে নিয়মিত গান করে বেশ জনপ্রিয়তা পান। সর্বশেষ তিনি ২০০১ সালে ঈদে প্রচারিত বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে আজম খান, ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীরের সঙ্গে ‘দিন আসে দিন যায়, পৃথিবীটা বদলায়, ডাক দেয় নতুনের আলো’ গানটি করেন। আর মঞ্চে গত বছর ‘ষষ্ঠ সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গান গাইতে দেখা যায় তাঁকে। বাংলা গানে তাঁর বাবা লোকগানের প্রবাদপুরুষ মমতাজ আলী খানের অবদানও অনস্বীকার্য। গতকাল বাদ আসর পিলু মমতাজের ইচ্ছানুযায়ী বনানী কবরস্থানে বাবার কবরেই তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পাঁচ বোন, স্বামী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।