চলো পালাই
পালানোর ছবি। বন্দি জীবন থেকে ওরা পালায়। কেউ জেল থেকে, কেউবা যুদ্ধবন্দি জীবন থেকে। এই বিষয়টি নিয়ে সারা বিশ্বে অসংখ্য ছবি থেকে বেছে নেওয়া হয়েছে মাত্র ১০টি। ১. অ্যাজ ফার অ্যাজ মাই ফিট উইল ক্যারি মিসিনেমাটি জার্মানির, মুক্তি পায় ২০০১ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নে ধরা পড়েছিল জার্মান সৈনিক ক্লিসেন্স ফোরেল। তাকে নিয়ে যাওয়া হয় সাইবেরিয়ায়, শ্রমশিবিরে। সেখানে নিষ্ঠুর লেফটেন্যান্ট কেমেনভের পাল্লায় পড়েন সবাই। সেখান থেকে পালান ফরেল। পুরো সিনেমাটা সেই পালানোর দীর্ঘ কাহিনি। পালিয়ে যাওয়া সহজ হলেও বেঁচে থাকাটা সহজ ছিল না। পথে পথে বিপদ। বারবার মৃত্যুর হাতছানি। সত্যি ঘটনার ছবি। মূল লেখক নাম বদলে পালানোর কাহিনি নিয়ে বইটি লিখেছিলেন। কেজিবির ভয়ে নাম পাল্টান তিনি। সেই ঘটনা থেকেই সিনেমা। যদিও পরে সমালোচকেরা এর সত্যতা নিয়ে সন্দেহ করেছেন। ২. দ্য ওয়ে ব্যাক২০১০ সালের ছবি। উইটনেস পরিচালক পিটার উইয়ারের সর্বশেষ ছবি। এটিও সাইবেরিয়া থেকে পালানোর সিনেমা। পালানোর এই ঘটনা সত্যিকারের। জানুসজ নামের এক পোলিশ বন্দীকে আরও অনেকের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল সাইবেরিয়ার শ্রমশিবিরে। সেখান থেকে পালানোর ঘটনা নিয়ে এই সিনেমা। জানুসজ অবশ্য একা না, দলে-বলে পালায়। পথে সঙ্গী হয় আরও একটি মেয়ে। তাদের গন্তব্য তিব্বত পেরিয়ে ভারত। সিনেমাটিতে আরও আছেন কলিন ফারেল ও এড হ্যারিসের মতো তারকা। ৩. এস্কেপ ফ্রম আলকাটরাজক্লিন্ট ইস্টউডের বিখ্যাত সিনেমা। এটি সরাসরি জেল থেকে পালানোর ছবি। সান ফ্রান্সিসকো থেকে দেখা যায় আলকাটরাজ দ্বীপ। সেখানে ছিল এক জেল। সর্বোচ্চ নিরাপত্তার জন্য কুখ্যাতি পাওয়া এই জেল থেকে পালানোর ঘটনা ছিল মাত্র একটি। আর সেটি নিয়েই এই ছবি। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক ডন সেইগাল। সমালোচকদেরও পছন্দের ছবি এটি।৪. মিডনাইট এক্সপ্রেসআরেকটি সত্য কাহিনি। মার্কিন এই ছবিটির পরিচালক এলান পারকার। ছবিটির চিত্রনাট্য অলিভার স্টোনের। মুক্তি পেয়েছিল ১৯৭৮ সালে। এবার জেল পালানো তুরস্ক থেকে। মার্কিন ছাত্র বিলি হেইস তুরস্ক এয়ারপোর্টে ধরা পড়ে মাদকসহ। যেতে হয় জেলে। সেখান থেকে পরিকল্পনা করে পালানোর। নানা ধরনের পদক্ষেপ নেয়। শেষ পর্যন্ত অভিনব একটি পথ বেছে নেয় হেইস।ছবিটা নিয়ে বিতর্কও কম হয়নি। বিশেষ করে ছবিতে তুর্কিদের যেভাবে দেখানো হয়েছে, তা নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন। এ নিয়ে পরে অবশ্য অলিভার স্টোন দুঃখ প্রকাশ করেছিলেন। ৫. শওশাঙ্ক রিডেমশনজেল থেকে পালানোর আরেকটি ছবি। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের অত্যন্ত পছন্দের। যদিও মুক্তি পাওয়ার পর বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এমনকি পুরস্কারের ভাগ্যও ভালো ছিল না। কিন্তু ডিভিডি বের হওয়ার পর শওশাঙ্ক রিডেমশন ব্যাপক সাড়া পায়। এন্ডি একজন ব্যাংকার। স্ত্রী ও তার প্রেমিককে খুনের দায়ে যেতে হয় শওশাস্ক জেলে। যদিও এন্ডির দাবি খুনটি সে করেনি। জেলে বন্ধুত্ব হয় রেডের (মর্গান ফ্রিম্যান) সঙ্গে। এই জেল থেকে পালানোর অসাধারণ এক ছবি এটি। ৬. কুল হ্যান্ড লিউকজেল থেকে পালানোর আরেকটি বিখ্যাত ছবি। বিশেষ করে যারা পল নিউম্যানের ভক্ত, তাদের তো এই ছবিটা দেখা অবশ্যই কর্তব্য।লুকাস জ্যাকসন রাস্তার পার্কিং মিটার ভাঙার অপরাধে জেলে যান। ফ্লোরিডার এই ছোট জেল চালান নিষ্ঠুর এক ক্যাপ্টেন। এই ছোট জেলের বন্দিজীবন থেকে পালানোর ছবি কুল হ্যান্ড লিউক। ১৯৬৭ সালে মুক্তি পাওয়া ছবিতে অবিস্মরণীয় অভিনয় করেছেন পল নিউম্যান। ৭. দ্য হোলফ্রান্সের ছবি। ফরাসি ভাষায় নাম লে ত্রোউ। ১৯৬০ সালের ছবিটিও সত্যি ঘটনার। হোসে জিউভানির লেখা বই থেকে তৈরি ছবি। ১৯৪৭ সালে ফ্রান্সের লা শান্তে নামের জেল থেকে পাঁচজনের পলায়নের ছবি। মজার ব্যাপার হলো, এর অভিনেতারা কেউ জাত অভিনেতা ছিলেন না, শখে করেছিলেন। বরং মূল অভিনেতার একজন ছিলেন জেল পালানোর পাঁচজনের একজন।৮. প্যাপিলনসেবার বই দিয়ে যাদের জীবন শুরু, তাদের প্যাপিলনকে মনে রাখার কথা। ফ্রান্সের হেনরি শারিয়েরের বই থেকে নেওয়া প্যাপিলন নামের এই ছবিটি মুক্তি পায় ১৯৭৩ সালে। ছবিতে স্টিভ ম্যাককুইন হেনরি আর ও ডাস্টিন হফম্যান লুইস দেগা। ফ্রেঞ্চ গায়ানার ডেভিলস আইল্যান্ডে বন্দিজীবন কাটাচ্ছিলেন দুজন। সেখান থেকে পালানো ছবি প্যাপিলন। বারবার চেষ্টা আর ব্যর্থতা। শেষটিও চমৎকার।৯. দ্য গ্রেট এস্কেপপালানোর আরেকটি ক্ল্যাসিক ছবি। তবে এবার জেল থেকে নয়, জার্মানদের নাজি ক্যাম্প থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা। মুক্তি পায় ১৯৬৩ সালের ছবি।মিত্র বাহিনীর একদল বন্দী পালায় জার্মানির এক বন্দিশিবির থেকে। শিবিরটি ছিল পোল্যান্ডে। স্টিভ ম্যাক কুইন, জেমস গার্নার ও রিচার্ড অ্যাটেনবেরোর মতো অভিনেতা আছেন এই ছবিতে। তারকাবহুল এই ছবি ব্যবসাসফল এবং এরই মধ্যে ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে। ১০. এস্কেপ টু ভিক্টরিদ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আরেকটি বন্দিশিবির থেকে পালানোর ছবি। তবে এটি আরও অভিনব। ফুটবল খেলাকে কেন্দ্র করে পালানোর কাহিনি। তারকাবহুল এই ছবিতে আছেন মাইকেল কেইন ও সিলভেস্টার স্ট্যালোন। তবে বড় আকর্ষণ হচ্ছে বিখ্যাত ফুটবলাররাও আছে এই ছবিতে। যেমন, ববি মুর, পেলেসহ আরও অনেকে। বন্দিশিবিরে এক প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছিল জার্মানরা। উদ্দেশ্য প্রমাণ করা যে বন্দীরা খুব ভালো অবস্থায় আছে। আর এই খেলাকে কেন্দ্র করে পালাতে ফন্দি আঁটে একদল বন্দী। জন হিউস্টন এই ছবির পরিচালক, মুক্তি পায় ১৯৮১ সালে।