চা-বাগানে ‘আলোর পথের যাত্রী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার), মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের লসমী টিলাশ্রমিক বস্তি থেকে একঝাঁক শিশু ও কিশোর-কিশোরী শাড়ি-ধুতি পরে হাতে থালার মাঝে মোমবাতি জ্বালিয়ে সারিবদ্ধভাবে এল বর্ষবরণের অনুষ্ঠানের মঞ্চে। চা-বাগান অঞ্চল শিক্ষার ক্ষেত্রে অনেকটা অন্ধকারে আছে। সে কারণেই তারা এসেছে আলোর পথের যাত্রীর প্রতীকরূপে। গত শনিবার সন্ধ্যায় এভাবেই শুরু হয়েছিল শমশেরনগর চা-বাগানের লসমী টিলা শ্রমিক বস্তির বর্ষবরণ অনুষ্ঠান। সরকারি হিসাবে ১৪ এপ্রিল সারা দেশে বাংলা সনের ১ বৈশাখ শুরু হলেও লোকনাথ পঞ্জিকার গননারীতি মোতাবেক চা-বাগানগুলোতে ১৫ এপ্রিল পয়লা বৈশাখ ছুটি দেওয়া হয়। শমশেরনগর চা-বাগানের লসমী টিলা শ্রমিক বস্তিতে চা-শ্রমিকদের সন্তানেরা ‘আলোর পথের যাত্রী’ নামে সংগঠন প্রতিষ্ঠা করে ১৬ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে। শ্রমিকসন্তান কলেজপড়ুয়া মিখু পিরেগুর উপস্থাপনায় কার্তিক রাজভরের কণ্ঠে তেলেগু লোকগানের সঙ্গে চা-শ্রমিকেরা তেলেগু ঐতিহ্যবাহী কাঠিনৃত্য পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেন। শমশেরনগর-চাতলাপুর স্থলবন্দর সড়কের পাশে লসমী টিলা শ্রমিক বস্তির কিছুটা উঁচু টিলায় অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়। মাটির সিঁড়ি কেটে সিঁড়ির ধাপে ধাপে অলংকৃত মাটির কলস স্থাপনসহ নানা অলংকরণে টিলাটিকে বর্ণাঢ্য করে সাজিয়ে তোলা হয়েছিল।