গান, ছবি, নাটক, কবিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার সাংস্কৃতিক কর্মীরা চুনারুঘাটের চা-শ্রমিকদের কৃষি আন্দোলন রক্ষার আন্দোলনে সমর্থন জানিয়েছেন।
গতকাল দুপুর ১২টায় চুনারুঘাটের প্রতীক থিয়েটার এবং চা-শ্রমিকদের অংশগ্রহণে গানের মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে চা-শ্রমিকদের কৃষিজমি রক্ষার আন্দোলনে সমর্থন জানিয়ে শুরু হয় চিত্রকাব্য কনসার্ট। এতে গান ও নাটক পরিবেশন করে সমগীত, সহজিয়া, চিৎকার, জলের গান, মনোসরণী, প্রাচ্যনাট, সাংস্কৃতিক ইউনিয়ন, প্রতীক থিয়েটার এবং শিল্পী কফিল আহমেদ। অনুষ্ঠানে আলোচনা করেন শিল্পী কামরুদ্দীন আবসার, হাসনাত কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হারুন রশীদ, চা-শ্রমিকনেতা সূর্য কুমার রায়, সন্ধ্যা ভৌমিক প্রমুখ।
বক্তারা বলেন, হবিগঞ্জের চুনারঘাটে চা-শ্রমিকদের ধানের জমিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু এই ধানি জমির ফসল দিয়েই বেঁচে আছেন শ্রমিকেরা। সে কারণেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে গত ১৩ ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছেন তাঁরা। ওই আন্দোলনে সংহতি জানিয়ে এই চিত্রকাব্য কনসার্টের আয়োজন করা হয়।