চাঁদপুরে নাট্যোৎসব
প্রতিষ্ঠার ৩৬ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুরের অনন্যা নাট্যগোষ্ঠী সপ্তাহব্যাপী নাট্যোৎসব আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই নাট্যোৎসব উদ্বোধন করা হয়। উৎসব উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন অঙ্গনের ৪০ জন ব্যক্তিত্বকে দেওয়া হয় অনন্যা পদক। উদ্বোধনের পর ফেনীর পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের অহম তমসায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।অনন্যা নাট্যগোষ্ঠীর প্রধান শহীদ পাটোয়ারী বলেন, ‘মফস্বলে দর্শকসংকট অন্যতম সমস্যা। অনেকে টিকিট কিনেও আসে না। আমরা অনেক কষ্ট করে নাটকগুলো নির্মাণ করে মঞ্চে আনি। আমাদের নাট্যচর্চায় কোনো সরকারি পৃষ্ঠপোষকতা এবং প্রশাসনিক সহযোগিতা পাওয়া যায় না। মফস্বলে নাট্যচর্চা অব্যাহত রাখার জন্য সবাইকে উদ্যোগী হতে হবে।’শহীদ পাটোয়ারী জানান, অনন্যা নাট্যগোষ্ঠীসহ উৎসবে আরও অংশ নিচ্ছে ঢাকার আরণ্যক নাট্যদল, সময় নাট্যগোষ্ঠী ও সেন্টার ফর এশিয়ান থিয়েটার এবং কুমিল্লার অধুনা থিয়েটার।২৪ অক্টোবর পর্যন্ত এ উৎসব চলবে।