চাঁদপুরে যাচ্ছেন পরীমনি

আবার চাঁদপুরে যাচ্ছে ‘স্বপ্নজাল’ টিম। ৭ জানুয়ারি থেকে শুরু হবে ছবিটির তৃতীয় ধাপের শুটিং। এমনটাই জানালেন ছবিটির পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। এরই মধ্যে দুই ধাপে চাঁদপুর ও কলকাতায় শুটিং হয়েছে।
পরিচালক বললেন, ‘এখন পর্যন্ত সিনেমার ৯০ ভাগ শুটিং শেষ হয়েছে। শেষ ধাপের শুটিং করতে চাঁদপুর যাচ্ছি। সেখানে সপ্তাহ দুয়েক শুটিং হবে। ফিরে এসে সম্পাদনার কাজে হাত দেব।’
গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের শুটিং। বছরের শেষ দিকে গিয়েছিলেন কলকাতায়। টানা ১০ দিন সেখানে হয়েছে শুটিং শেষ করে দেশে ফিরে আসেন তাঁরা।
‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করছেন আলোচিত নায়িকা পরীমনি। তাঁর সঙ্গে আছেন নবাগত ইয়াশ রোহান। এ ছাড়া আছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
‘স্বপ্নজাল’ কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে সেলিম জানান, আগামী অক্টোবরে মুক্তির পরিকল্পনা করছেন নতুন ছবিটির।
উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিম ২০০৯ সালে নির্মাণ করেছিলেন ‘মনপুরা’। ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এর প্রায় সাত বছর পর নতুন ছবির কাজে হাত দেন তিনি।