চাঁদপুরে সাহিত্য সম্মেলনে উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে প্রথম সাহিত্য সম্মেলন উপলক্ষে গতকাল শনিবার চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তন কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়। সম্মেলন ঘিরে শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সম্মেলন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি ও চাঁদপুর সাহিত্য একাডেমির যৌথ আয়োজনে বেলা তিনটায় চাঁদপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে চাঁদপুর, ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা তরুণ কবিদের নিয়ে বসে স্বরচিত কবিতার আসর। সন্ধ্যার পর শিল্পী রফিক আহমেদ মিন্টুর নেতৃত্বে চাঁদপুরের একঝাঁক তরুণ শিল্পীর সমবেত গানের আসর বসে।
প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সন্ধ্যা সাড়ে সাতটায় সাহিত্য সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন দেশবরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। পরে চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আবু সালেহ মো.আব্দুল্লাহর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম, কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ এস এম দেলওয়ার হোসেন প্রমুখ।