চাঁদের দেশে 'চাঁদনি'


তাঁর অভিনয় সারা শরীরে শিহরণ জাগাত
সুভাষ ঘাই, পরিচালক
শ্রীদেবীর সঙ্গে আমার সম্পর্ক শুধু পেশাগত নয়, আমাদের সম্পর্ক পারিবারিক। ১৯৮৫ সালে আমার পরিচালিত কর্ম ছবিতে কাজ করেছেন উনি। শ্রীদেবী প্রতিভার এক অফুরন্ত ভান্ডার। পর্দায় তাঁর উপস্থিতি সব সময় সম্মোহিত করেছে সবাইকে। আমরা কখনোই শ্রীদেবীর মতো অভিনেত্রী পর্দায় আর পাব না। তাঁর এই আকস্মিক মৃত্যুতে আমি কার্যত ভেঙে পড়েছি। দীর্ঘ পাঁচ দশকে বলিউডে শ্রীর মতো সু-অভিনেত্রী কম এসেছে। ব্যক্তি শ্রীদেবী খুবই আত্মকেন্দ্রিক। কিন্তু ক্যামেরার সামনে যখনই তিনি আসতেন, সে এক অন্য শ্রী। তাঁর অভিনয় সারা শরীরে শিহরণ জাগাত। নাচ হোক বা রোমান্স—শ্রীদেবীর পারফরমেন্স সব সময় পরিচালকদের অবাক করত। উনি ক্যামেরার সামনে এমন কিছু করতেন, যা পরিচালকদের কল্পনার বাইরে থাকত। শ্রীদেবী দক্ষিণ তথা বলিউড সাম্রাজ্যের মুকুটহীন এক রানি। ব্যক্তিগতভাবে শ্রীদেবী আমার বন্ধু বনি কাপুরের স্ত্রী। বাড়িতে একদমই সাদামাটা ঘরোয়া গৃহবধূ তিনি। তাঁর পেশাগত জীবনের মতো পারিবারিক জীবনও ছিল সুন্দর। মা হিসেবে শ্রীদেবী ছিলেন একদম পারফেক্ট। আবার অতিথি আপ্যায়নের ক্ষেত্রেও তিনি ছিলেন দুর্দান্ত। পেশাগত ও ব্যক্তিগত জীবন—এ দুই দিক সমানভাবে বজায় রাখার জন্য আমরা সবাই তাঁকে অত্যন্ত সম্মান করতাম। সব থেকে বড় কথা, শ্রীদেবী নিজের ব্যক্তিত্ব তাঁর দীর্ঘ অভিনয়জীবনে খুব সুন্দরভাবে বজায় রেখেছেন।

একই বাড়ির বাসিন্দা ছিলাম আমরা
অরুণা ইরানি, অভিনেত্রী
শ্রীদেবী শুধু আমার সহকর্মী নন, আমরা একই বহুতলের বাসিন্দা। ‘গ্রিন একরস’ আবাসনের এক বিল্ডিংয়ে শ্রীদেবীরা প্রথম তলায় থাকেন আর আমি বারো তলায় থাকি। প্রায় প্রতিদিনই বিকেলে আমার সঙ্গে শ্রীদেবীর দেখা হতো আবাসনের পার্কে। আমরা দুজনেই হাঁটতে বের হতাম। টানা প্রায় এক ঘণ্টা আমরা হাঁটতাম। তখন আমাদের কথাবার্তা হতো। তিনি আমাকে ওনার অভিনীত মম ছবিটি দেখতে বলেছিলেন। আমার দারুণ লেগেছিল ছবিটি, সে কথাটাও শ্রীদেবীকে জানিয়েছিলাম। তবে ইদানীং তাঁর সঙ্গে আর দেখা হয়নি। শ্রীদেবী একটু আত্মকেন্দ্রিক ছিলেন। নিজের গণ্ডির বাইরে গিয়ে খুব একটা মিশতেন না। আবাসনের কোনো অনুষ্ঠানেও তাঁকে কখনো দেখা যেত না। শুধু ‘গণপতি’ পূজার সময় একবার মণ্ডপে এসে প্রণাম করে যেতেন। আমরা একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছি। একই সেটে থাকা সত্ত্বেও তখন খুব একটা কথাবার্তা হতো না। তবে শ্রীদেবী যে অভিনেত্রী হিসেবে কত বড় মাপের ছিলেন, তা আমার বলার অপেক্ষা রাখে না। আমি এখন শুটিংয়ের জন্য মুম্বাইয়ের বাইরে। সেই আবাসন, সেই বহুতল, সেই পার্ক—সবকিছু থাকবে, শুধু থাকবেন না বিকেলে আমার চলার পথের সঙ্গীটি।

মিষ্টি স্বভাবের অল্প কথার মানুষ ছিলেন
পুনম ধীলন, অভিনেত্রী
শ্রীদেবী শুধু আমার সহ-অভিনেত্রী ছিলেন না, আমি তাঁর অনেক বড় ফ্যান। আমরা একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছি। আমি মনে করি, বিগত কয়েক দশকে শ্রীদেবীর মতো সংবেদনশীল অভিনেত্রী আর দ্বিতীয়টি আসেনি। মধু বালা, মিনা কুমারীর মতো তাঁর নামও সু-অভিনেত্রী হিসেবে সারা জীবন সবাই মনে রাখবে। শ্রীদেবী চলে যাওয়ায় আমাদের হিন্দি চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আর তাঁর পরিবারের কথা তো ভাবতেই পারছি না। জাহ্নবী, খুশির এই সময়ে সবচেয়ে প্রয়োজন ছিল তাদের মায়ের। কদিন পর জাহ্নবী বলিউডের দুনিয়ায় পা রাখতে চলেছে। তাই এই সময়ে তার মায়ের পরামর্শের খুব প্রয়োজন ছিল। বনিজিও খুব একা হয়ে গেলেন। আসলে তাঁদের সবার সঙ্গে অনেক পুরোনো সম্পর্ক আমার, তাই খুব খারাপ লাগছে। শ্রীদেবী নিজের মধ্যে থাকতে ভালোবাসতেন। সেটে এসে মন দিয়ে শুধু নিজের কাজটা করে বেরিয়ে যেতেন। অন্যান্য অভিনেতার সঙ্গে বসে আড্ডা মারা থেকে দূরে থাকতেন। খুবই মিষ্টি স্বভাবের অল্প কথার মানুষ ছিলেন তিনি। অত্যন্ত পরিশ্রমী ছিলেন। ক্যামেরার আড়ালে তিনি শান্ত, ধীরস্থির এক মানুষ। আর ক্যামেরা চালু হলেই এ যেন অন্য এক শ্রীদেবী। এত প্রাণবন্ত হয়ে উঠতেন, বলে বোঝাতে পারব না। নাচ, কমেডি, রোমান্স—সব ক্ষেত্রেই তিনি ছিলেন অতুলনীয়। কিন্তু ভীষণ বিনয়ী এবং নম্র ছিলেন। কখনো ওনার মধ্যে এতটুকু অহংকার দেখিনি। এত কম বয়সে শ্রীদেবী চলে যাবেন ভাবতেও পারিনি।


ও ছিল আমার মেয়ের মতো
সরোজ খান, কোরিওগ্রাফার
আমি আর শ্রীদেবী ২৪টা ছবিতে একসঙ্গে কাজ করেছি। ও ছিল আমার মেয়ের মতো। সন্তান হারালে যেমন কষ্ট হয়, এখন আমার তা-ই হচ্ছে। আমি মনে করি, শ্রীদেবীর মতো অভিনেত্রী এই ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় আর নেই। মানুষ হিসোবেও শ্রী ছিল সেরা। তবে আমি ওর মতো ড্যান্সার খুব কমই দেখেছি। ওর নাচে এক অদ্ভুত জাদু ছিল। অভিব্যক্তির রানি ছিল শ্রী। শ্রীদেবীর সঙ্গে আমার প্রচুর স্মৃতি। আমি এতটাই আঘাত পেয়েছি যে কথা বলার অবস্থায় নেই। জানি না ওর পরিবার কীভাবে সবকিছু কাটিয়ে উঠবে।