চাকভুম চাকভুম...

ফাটা কপাল আর কাকে বলে? জাদুকর কুলপি (সাজু খাদেম) আর পিয়ার কমেডি গানের শুটিং। লোকেশন হাতিরঝিল ও এফডিসি। এর মধ্যে আচমকা ফাটা কপালের ধাক্কা। মানে দরজায় ধাক্কা খেয়ে আক্ষরিক অর্থেই কপাল ফাটল সাজু খাদেমের। পরিচালক রেদওয়ান রনির ভাবসাব দেখে মনে হচ্ছে, তিনিও যেকোনো মুহূর্তে কপালে হাত দিয়ে বসে পড়বেন। এফডিসিতে শুটিংয়ের অনুমতি মিলেছে বহু কাঠখড় পোড়ানোর পর। নৃত্যপরিচালক চলে এসেছেন। সঙ্গে বিশাল সখা-সখীর দল। শুটিং বাতিল মানে সব বরবাদ। ফাটা কপাল নিয়ে সাজুকে যদি হাসপাতালে যেতে হয়, আমাদেরও হাসপাতালে যাওয়া ছাড়া গতি নেই।
ক্যামেরাম্যান অপু কী সব লতাপাতা এনে সাজুর ফাটা কপালের চিকিৎসা করলেন। সেই চিকিৎসায় অথবা মনের জোরে সাজু প্রাণপণে লড়ে গেলেন সন্ধ্যা অবধি। চরিত্রের প্রয়োজনে ফাটা কপাল নিয়েই পিয়ার সঙ্গে ডিগবাজি দিলেন, মাটিতে গড়াগড়ি খেলেন, ভোঁ-দৌড় দৌড়ালেন। দিন শেষে, রুনা লায়লা ও খুরশিদ আলমের গাওয়া ‘চাকভুম চাকভুম’ গানের সঙ্গে সাজু আর পিয়ার পারফরম্যান্স হলো, যাকে বলে দুর্দান্ত।
সন্ধ্যায় শুটিং শেষে বের হচ্ছি। মনে ফুর্তি। ফাটা কপালের ফাঁড়া কেটে গেছে। ‘চাকভুম চাকভুম...’