চাঞ্চল্য ফিরেছে চঞ্চলের!
যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে গত মাসের ৫ জুন ঢাকা ছাড়েন চঞ্চল চৌধুরী, ফেরেন ২১ জুন। টানা ১৫ দিনের সফর শেষে দেশে ফেরার পর আরও টানা ১৫ দিন বিশ্রামে ছিলেন চঞ্চল। যুক্তরাষ্ট্র এবং নিজ বাসায় টানা এক মাসের বিরতির পর চলতি মাসের ৫ তারিখ থেকে আবারও শুটিং শুরু করেছেন চঞ্চল চৌধুরী। সাইফ চন্দনের পরিচালনায় ঈদের জন্য নির্মিত নাটকটির নাম ‘অপুর সংসার’। এ নাটকের মধ্য দিয়ে কর্মক্ষেত্রে চাঞ্চল্য ফিরেছে চঞ্চলের। নাটকের গল্প গড়ে উঠেছে, অপু নামের একটি ছেলেকে কেন্দ্র করে। খুবই সহজ-সরল ধরনের ছেলে। অফিসের সবাই তাকে নিয়ে নানা ধরনের উপহাস করে। এমনকি তার প্রেমিকারও উপহাসের পাত্র সে। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আসার পর সিদ্ধান্ত নিই এবারের ঈদে হাতে গোনা কয়েকটি নাটকেই অভিনয় করব।’ অপুর সংসার নাটকের গল্পটি অনেক সুন্দর। তাই কাজটি করলাম। নির্মাণও ভালো হয়েছে। এম এস রানার রচনা ও সাইফ চন্দনের পরিচালনায় নাটকটিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম। এ ছাড়া আরও অভিনয়ে আছেন মৌরি, অয়ন চৌধুরী, মাহমুদ মানজুরসহ অনেকেই।অপুর সংসার ছাড়াও চঞ্চল চৌধুরী ঈদের আরও দুটি নাটকে অভিনয় করছেন। নাটক দুটি পরিচালনা করছেন গিয়াস উদ্দিন সেলিম ও এজাজ মুন্না।