চার কবিকে নিয়ে কুমার বিশ্বজিতের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চারজন স্বনামধন্য কবি এবং কবিতার উপমা নিয়ে সাজানো একটি গানে কণ্ঠ দেবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিত্। যে চার কবি ও তাঁদের কবিতার উপমা কুমার বিশ্বজিতের কণ্ঠে প্রকাশ পাবে, তাঁরা হচ্ছেন কবি আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ ও হেলাল হাফিজ।চার কবিকে নিয়ে গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। আর সুর করেছেন প্রিন্স মাহমুদ।কুমার বিশ্বজিতের নতুন একক অ্যালবামের জন্য নির্মাণাধীন গানটির কথা হচ্ছে ‘তোমার প্রিয় কবিরা এখন আমার সাথে থাকেন/ অনুভবের সবুজ ছুঁয়ে তোমার জন্য লেখেন/ তোমায় ভেবে মুঠোফোনে কাব্য লেখেন নির্মলেন্দু গুণ/ আরেক কবি হেলাল হাফিজ জ্বালায় জলে আগুন/ তোমায় ভেবে আল মাহমুদ রাত্রি আজও জাগেন/ তোমার চোখে রফিক আজাদ ভালোবাসার মানে খোঁজেন।’গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিত্ প্রথম আলো ডটকমকে বলেন, ‘শামসুর রহমানের কবিতায় আমি গান করেছি। কিন্তু কবি ও কবির উপমা দিয়ে আমার কখনো গান করা হয়নি। জাহিদ আকবরের লেখা গানটি আমার জন্য অন্য রকম একটা অভিজ্ঞতা হবে।’কুমার বিশ্বজিত্ আরও বলেন, ‘আমার নতুন অ্যালবামের গানের জন্য জাহিদের কাছে একটি গান চেয়েছিলাম। বলা যায়, তাকে একরকম চাপও দিয়েছি আমি। প্রায় এক বছর সময় নিয়ে সে আমাকে তার প্রতিদানও দিয়েছে। এমন অসাধারণ চার কবির নাম আর তাদের কবিতার উপমাগুলো আমি কণ্ঠে তোলার অপেক্ষায় আছি। গানটির কথায় আমি ও প্রিন্স দুজনই মুগ্ধ।’ জানা গেছে, নানা বৈচিত্র্যে নিয়ে কুমার বিশ্বজিত্ তাঁর নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। জানালেন, আগামী কোরবানির ঈদ উপলক্ষে অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন।