চার নতুন প্রদর্শনী শুরু হলো ছবিমেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কোনো এক গ্রামের ছবি। পাশাপাশি দুটি মাটির ঘর। পাশেই একটি পুকুর। কিন্তু পুকুরে নেই একবিন্দু পানি। শুকিয়ে চৌচির। মাঝে পড়ে আছে একটি নৌকা।আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবিমেলায় স্থান পাওয়া সাদা-কালো এ ছবিটি তুলেছেন মুনেম ওয়াসিফ। গত শুক্রবার দৃকের আয়োজনে শুরু হওয়া ষষ্ঠ ছবিমেলায় আরও চারটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে গতকাল। প্রদর্শনী চারটি হলো: বাংলাদেশের মুনেম ওয়াসিফের ‘নোনা পানির আহাজারি’, দেবাশীষ সোমের ‘ঢাকা: আমার স্বপ্ন আমার বাস্তবতা’, ভারতের ডেভিড ডি সুজার ‘স্বপ্ন’ এবং যুক্তরাষ্ট্রের ডেভিড বার্নেডের ‘৪৪ দিন: ইরান এবং বিশ্বের পুনরায় সৃষ্টি’।মুনেম ওয়াসিফের প্রদর্শনীতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার ১৭টি উপজেলায় পানির জন্য মানুষের হাহাকার ও দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে। এসব এলাকার সিডরে আক্রান্ত মানুষের মানবেতর জীবনযাপনের বাস্তব চিত্রও উঠে এসেছে তাঁর ছবিতে। মুনেম ওয়াসিফ পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি থেকে ফটোগ্রাফিতে স্নাতক করেছেন। প্যারিসের আজাঁ ভিউ ফটো এজেন্সিতে তিনি প্রতিনিধিত্ব করছেন। দেবাশীষ সোমের প্রদর্শনীতে স্থান পেয়েছে ব্যস্ত ঢাকার কোলাহলপূর্ণ জনজীবনের বাইরের একেবারে ভিন্ন কিছু ছবি। দেবাশীষ সোম পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি থেকে ফটোগ্রাফিতে বিএ কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাস-এ কর্মরত। অন্যদিকে ‘স্বপ্ন’ নামের প্রদর্শনীর ছবিগুলোতে ধারণ করা হয়েছে মানুষের নানা অলৌকিক স্বপ্নকে। বিভিন্ন ব্যক্তির স্বপ্নভাষা অনুধাবন এবং সাংকেতিক ভাষার পাঠোদ্ধারের চেষ্টা করেছেন আলোকচিত্রী ডেভিড ডি সুজা। এ ছাড়া ‘৪৪ দিন: ইরান এবং বিশ্বের পুনরায় সৃষ্টি’ শীর্ষক প্রদর্শনীর ছবিগুলো ইরানের সেই বিপ্লবের সংঘাত-বিক্ষুব্ধ দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায় দর্শকদের। ইরানি বিপ্লবের যাত্রাপথ, শাহর শাসনের শেষ দিনগুলো এবং মধ্যবর্তী সময়ের বিভিন্ন ঘটনা-প্রবাহ ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্রী ডেভিড বার্নেড। তিনি বিশ্বের ৮০টিরও বেশি দেশে ছবি তোলার দায়িত্ব পালন করেছেন। এর অনেকগুলো এখন ইতিহাসের অংশ। এর মধ্যে রয়েছে ভিয়েতনাম যুদ্ধ ও একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বার্লিন দেয়ালের পতন ইত্যাদি। দক্ষিণ এশীয় চারুকলা প্রদর্শনী আজদক্ষিণ এশীয় দেশগুলোর শিল্পীদের শিল্পকর্মের সম্ভার নিয়ে এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আজ সোমবার বেঙ্গল গ্যালারিতে। ‘পুদুচেরি ব্লু’ নামের এই প্রদর্শনীর আয়োজন করে ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র ও বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস।বিকেল সাড়ে পাঁচটায় বেঙ্গল শিল্পালয়ে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। রোববার বেঙ্গল ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে শিল্পী রফিকুন নবী, অলকেশ ঘোষ, ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রের পরিচালক অংকন ব্যানার্জি এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। তাঁরা জানান, গত বছরের মার্চ মাসে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ ও শের ইন্ডিয়া ভারতের পণ্ডিচেরিতে দক্ষিণ এশীয় অঞ্চলের নয়টি দেশের ৩২ জন শিল্পীর অংশগ্রহণে একটি আর্টক্যাম্পের আয়োজন করে। সেই ক্যাম্পের ছবিগুলো নিয়েই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।প্রদর্শনী আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।রাঢ়াঙ: সংস্কৃতির সেতুবন্ধআরণ্যক প্রযোজিত রাঢ়াঙ নাটকের শততম মঞ্চায়ন ছিল গত শনিবার। এ উপলক্ষে গতকাল বিকেলে আরণ্যক শিল্পকলা একাডেমীতে এক সেমিনারের আয়োজন করে। মূল প্রবন্ধে এস সি আলবার্ট সরেন বলেন, ‘এ নাটক যেমন বাঙালি-সাঁওতাল সংস্কৃতির সেতুবন্ধ, একই সঙ্গে এ নাটক আদিবাসীদের সামনে চলার পথ দেখিয়েছে এবং বাঙালিদের কাছে সাঁওতালদের ঐতিহাসিক ইতিবাচক বার্তাগুলো পৌঁছে দিয়েছে।’ এরপর মুক্ত আলোচনায় অংশ নেন আজাদ আবুল কালাম, শান্তনু কায়সার, শহীদুল মামুন, সঞ্জীব দ্রং, অনন্ত হীরা প্রমুখ। সভাপতিত্ব করেন আরণ্যকের জ্যেষ্ঠ সদস্য মান্নান হীরা।বক্তারা বলেন, ‘রাঢ়াঙ একটি সফল মঞ্চনাটক। এর প্রযোজনার মান খুবই উন্নত। এর ভাষা বাংলা কিন্তু প্রযোজনার গুণে চরিত্রগুলো সাঁওতাল হয়ে উঠেছে। সাঁওতালদের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে লেখা একটি নাটকে এটা খুবই জরুরি। সাঁওতালদের একটি উন্নত সংস্কৃতি রয়েছে। এ নাটকে তা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। সবশেষে নাটকটির নাট্যকার ও নির্দেশক সেমিনারে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।সিলেটে রবীন্দ্র নাট্যোৎসবসিলেট প্রতিনিধি জানান, সিলেট মিলনায়তনে গতকাল রোববার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘রবীন্দ্র নাট্যোৎসব’। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে সিলেটের নাট্যালোক (সুরমা) এ উৎসবের আয়োজন করেছে।রাত সাড়ে সাতটায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এর আগে খুদে শিল্পীদের গাওয়া ‘আগুনের পরশমণি’ ও ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালন করে আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আতাউর রহমান নাট্যোৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল, আখতারুজ্জামান, খুরশিদুল আলম প্রমুখ। সভাপতিত্ব করেন গৌতম চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠন শাস্তি নাটক মঞ্চায়ন করে। এটির নাট্যরূপ দিয়েছেন বীরু মুখোপাধ্যায় এবং নির্দেশনা বাবুল আহমদ।