চার নির্মাতার ঈদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারজনই ছোট পর্দার গুণী নির্মাতা। এক বা একাধিকবার জিতেছেন মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার। নূরুল আলম আতিক, অমিতাভ রেজা, অনিমেষ আইচ ও মেজবাউর রহমান সুমন। এই ঈদে তাঁরা ফিরছেন ছোট পর্দায়।মহা সংকটে পৃথিবী। পাজির পা-ঝাড়া ভিলেন আদা-জল খেয়ে লেগেছে। যেকোনো মূল্যে সে চায় নিজের অশুভ উদ্দেশ্য হাসিল করতে। পৃথিবীকে বাঁচাবে কে? সিনেমার পোড় খাওয়া দর্শক হেসে বলে, ‘সুপারম্যান, ছাড়া আবার কে!’ কথা তো ঠিকই। এক্কেবারে মোক্ষম মুহূর্তে বাতাসের বেগে উড়ে আসবে সুপারম্যান। তারপর একটা বড়সড় ঢিসুম-ঢুসুম হবে। অল্পের জন্য রক্ষা পাবে পৃথিবী। শেষ দৃশ্যে লাখো জনতার করতালি আর সহাস্য অভিবাদন নেবে উড়ুক্কু সুপারম্যান। হরহামেশা পর্দায় এমন সুপারম্যানদেরই তো দেখে থাকি আমরা। কিন্তু নির্মাতা মেজবাউর রহমান সুমন বলছেন, তাঁর সুপারম্যান মোটেও সেই ধারার নয়।‘আমার সুপারম্যান কোনো অতিমানব নয়। সে খুব সাধারণ একজন। এই শহরে হাজারো মানুষের ভিড়ে আরও একজন মানুষ। সে কাউকে উদ্ধার করতে পারেনি। পারেনি কারও জীবন বাঁচাতে। তার কোনো অতিমানবীয় ক্ষমতাও নেই।’ বলছিলেন সুমন। তবে কেন মিছেমিছি তাকে সুপারম্যান বলা?জবাবে সুমন তাঁর স্বভাবসুলভ মুখচোরা হাসি দেন। আর এই হাসি দিয়েই সম্ভবত বুঝিয়ে দিতে চান, সুপারম্যান রহস্যের উত্তর জানতে চোখ রাখতে হবে এবারের ঈদে চ্যানেল আইয়ের পর্দায়। প্রায় দুই বছর আগে তৈরি করেছিলেন তাঁর ফেরার পথ নেই, ছিল না কোনকালে। লম্বা বিরতি শেষে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারজয়ী এই নির্মাতা ফিরছেন ছোট পর্দায়। কিন্তু এই বিরতিটা কেন?‘টেলিভিশনে যেভাবে কাজ হচ্ছে, তার সঙ্গে আসলে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল। তারপর মনে হলো, টিভির সঙ্গে অনেক লম্বা বিরতি হয়ে যাচ্ছে। কাজটাও করতে ইচ্ছে হচ্ছিল।’ সুমনের কৈফিয়ত।সুপারম্যান নাটকে অভিনয় করছেন এ কে আজাদ, কুসুম শিকদার, আদনান, নুসরাত, রবি এবং আরও অনেকে। তবে সুমন একা নন। এই ঈদে এক বছরের বিরতি দিয়ে আবারও নাটক নিয়ে ফিরছেন ‘হেভিওয়েট’ নির্মাতা অমিতাভ রেজা। মায়া ও মৃত্যুর গল্প তৈরি করেছিলেন বছর খানেক হয়ে গেল। এবার অমিতাভ রেজা আসছেন সময় চুরি নিয়ে। ‘প্রায় এক বছর পর আবার টেলিভিশনের জন্য নাটক বানাচ্ছি। লম্বা বিরতি নেওয়ার আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই। আমি সিনেমা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। পরে মনে হলো, গল্প বলার চর্চা থেকে একদমই দূরে সরে যাচ্ছি। চিত্রনাট্যটা পছন্দ হয়েছে। সহজ একটা গল্প অতএব...’চিত্রগ্রাহকের অসুস্থতার জন্য একটা সপ্তাহ পিছিয়ে গেছে নাটকের কাজ। শুটিং শুরু হওয়ার কথা দু-এক দিনের মধ্যেই। সময় চুরি নাটকে দেখা যাবে তাহসান-মিথিলা জুটিকে। মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার জয়টাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। মাঝে অনিমেষ আইচ লম্বা একটা সময় ব্যস্ত ছিলেন চলচ্চিত্রের কাজ নিয়ে। এবারের ঈদে ফিরে আসছেন পুরোদমে। দর্শক পাচ্ছে প্রতিভাধর এই নির্মাতার তিন-তিনটি নাটক—বুমেরাং, নয়টার সংবাদ এবং রূপজান। অনিমেষ আইচের ভক্তরা বলতেই পারেন ‘ওরেব্বাস’।অনিমেষ আইচ বলছিলেন, ‘এর মধ্যে আমার দুটি সিনেমার কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম। প্রায় দেড় বছর পর আবার ছোট পর্দার জন্য নাটক তৈরি করছি।’আল মাহমুদের গল্প অবলম্বনে অনিমেষ আইচ তৈরি করছেন বুমেরাং। নাটকে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন জয়া আহসান ও আসিফ মাহফুজ। নয়টার সংবাদ নাটকের গল্প একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে নিয়ে, যিনি ঘটনাচক্রে পাড়ার বখাটে ছেলেপিলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। মুখ্য ভূমিকায় থাকছেন আবুল হায়াত, লায়লা হাসান, তৌকির আহমেদ ও লারা লোটাস। অন্যদিকে সিনেমার সুপারহিট একজন প্লেবেক সিঙ্গারকে নিয়েরূপজানের গল্প। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন চিত্রনায়িকা সিমলা ও আগুন। চতুর্থ মাত্রা, সাইকেলের ডানা, জোড়া ইলিশ, বিকল পাখির গান। নূরুল আলম আতিক মানেই ছোট পর্দায় বড় ঘটনা। এবার ঈদে নুরুল আলম আতিক তৈরি করছেন চারটি নাটক ও টেলিছবি— টেলিভিশন মজিদ, নোলক, সাহেব হলো নুরুল এবং না কমলা না মেহেরজান। রেডিও টেলিভিশনের সার্কিট বোর্ডে মুখ গুঁজে দিন গুজরান করছে মধ্য বয়সী মেকানিক মজিদ। আয়- ইনকাম প্রায় নেই বললেই চলে। ধানের চাতালের ম্যানেজারের সঙ্গে ভেগে যাওয়ার পরিকল্পনা করে তার বউ। অগত্যা মজিদ তার রেডিও-টিভি সারাই করার দোকান বন্ধ করে নদী পার হয়ে চরে যায় টিভি দেখিয়ে দুটো পয়সা আয় করতে। এমন গল্প নিয়ে টেলিভিশন মজিদ। নূরুল আলম আতিক বলছিলেন, ‘বিদ্যুৎবিহীন যমুনার চর টেলিভিশন মজিদের জন্য একদম যথার্থ লোকেশন ছিল। আমার মনে হয় দর্শকরা গল্পটির সরল উপস্থাপনা পছন্দ করবেন।’