চার নির্মাতার নতুন ধারাবাহিক ক্রাইম স্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাবাহিক নাটক ‘ক্রাইম স্টোরি’ শুরু হতে যাচ্ছে চ্যানেল আইতে। নাটকটির পরিচালনা প্যানেলে আছেন চারজন নির্মাতা। এরা হলেন রাজিবুল ইসলাম রাজিব, ওয়াহিদ আনাম, রায়হান খান এবং সতীর্থ রহমান রুবেল।সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ নাটকে উঠে এসেছে বিভিন্ন সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সব লোমহর্ষক ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। যা বদলে দিয়েছে মানুষের প্রচলিত ধারণা এবং ভাবতে বাধ্য করেছে মানুষ কোন কোন সময় কীভাবে পশুর চাইতেও নৃশংস-বর্বর হয়। ক্রাইম স্টোরি ধারাবাহিকের অন্যতম পরিচালক ওয়াহিদ আনাম জানিয়েছেন, ধারাবাহিকটির জন্য চ্যানেল আইয়ের একটি অনুসন্ধানী দল সারাদেশ থেকে অনেক হূদয়বিদারক বাস্তব ঘটনাকে তুলে এনেছে। গুচ্ছ গুচ্ছ এই ঘটনাগুলোকে -সময়ের প্রয়োজনেই তুলে এনে নির্মাণ করা হয়েছে ‘ক্রাইম স্টোরি’।ওয়াহিদ আনাম আরও বলেন, বেশ কয়েকটি পর্বের দৃশ্যধারণের কাজ এর মধ্যে শেষ হয়েছে। বাস্তব ঘটনার প্রেক্ষিতে ধারাবাহিকটির প্রচার চলবে। নাটকটির অভিনয়শিল্পীরা সবাই নতুন মুখ। ‘ক্রাইম স্টোরি’ ধারাবাহিকটি আগামী ২২ মার্চ থেকে প্রতি শুক্রবার বিকেল পাঁচটা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।