চার প্রকাশকের যৌথ উদ্যোগে 'পূর্ব পশ্চিম'

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে ছাত্রজীবনে স্কুলে যাওয়ার জন্য তাঁর মা জুতা পরিয়ে দিতেন। স্কুলে যাওয়ার পথে একটা বইয়ের দোকান ছিল। সেই দোকানে বালক নূর জুতা খুলে রেখে খালি পায়ে স্কুলে যেতেন। আবার বাড়িতে ফেরার পথে সেই দোকানে রাখা জুতা পায়ে দিয়ে ফিরতেন। এভাবে আসা-যাওয়ার পথে সেই দোকানেই পাঠাভ্যাস গড়ে ওঠে। একসময় বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে বই পড়তেন তিনি। সংস্কৃতিমন্ত্রী আজ রোববার বিকেলে ছাত্রজীবনের এ স্মৃতিচারণা করেন গ্রন্থকেন্দ্র ‘পূর্ব পশ্চিম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে।
রাজধানীর ধানমন্ডির ১০১ শুক্রাবাদের ভবনটিতে আগে ছিল একটি প্রতিষ্ঠিত পোশাক পণ্যের দোকান। সেটি বন্ধ হয়ে একই স্থানে হয়েছে বইয়ের প্রতিষ্ঠান। দেশের স্বনামধন্য চারটি প্রকাশনা সংস্থা মিলে বইপ্রেমীদের মানসচক্ষু উন্মোচনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল গ্রন্থকেন্দ্র ‘পূর্ব পশ্চিম’।
বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও পৃথিবীর যেকোনো প্রান্তের বাঙালি লেখকের বই, প্রাচ্য ও পশ্চিমের উল্লেখ্যযোগ্য সাহিত্যকর্মও ঠাঁই পাচ্ছে এ গ্রন্থকেন্দ্রে। এরপর রাজধানীর গুরুত্বপূর্ণ আরও ছয়টি স্থান, বিভাগীয় শহর, জেলা শহর এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে এর শাখা খোলা হবে বলে জানান এর উদ্যোক্তারা। এ প্রতিষ্ঠানের উদ্যোক্তারা হলো প্রকাশনা সংস্থা আগামী প্রকাশনী, পাঞ্জেরি পাবলিকেশনস, জ্যার্নিম্যান বুকস ও অন্য প্রকাশ।
রোববার বিকেলে পূর্ব পশ্চিমের দ্বারোদ্ঘাটন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন পূর্ব পশ্চিমের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক, পর্ষদের সদস্য তারিক সুজাত, সিরাজুল কবির চৌধুরী, সায়েন্স ফিকশন লেখক মোশতাক আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানের অতিথিদের মধ্যে সবার আগে উপস্থিত হয়েছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। বলেন, প্রায় শুনি, আজিজ সুপার মার্কেটে বইয়ের দোকান বন্ধ হয়ে কাপড়ের দোকান খোলা হয়েছে। এবারই প্রথম কোনো কাপড়ের দোকান বন্ধ হয়ে বইয়ের দোকান হলো। তিনি বলেন, পূর্ব পশ্চিম একটি যৌথ প্রচেষ্টা, এর আলাদা গুরুত্ব রয়েছে। সারা বিশ্বে বই নিয়ে দোদুল্যমানতা রয়েছে। কেউ কেউ বলে বসছেন, বইয়ের যুগ শেষ হয়ে আসছে। ই-বুক বড় জায়গা নিয়ে আছে। তারপরও মুদ্রিত বইয়ের চাহিদা শেষ হয়নি। এমন গ্রন্থকেন্দ্র আরও হওয়া উচিত বলে মনে করেন এই শিক্ষাবিদ।
শামসুজ্জামান খান বলেন, ছেলেবেলায় তিন-চার মাইল হেঁটে বই পড়তে যেতাম। একটি বই নিয়ে সারা দিনও পার করেছি। এখন আর সেই উদ্দীপনা দেখা যায় না। তবে এ ধরনের গ্রন্থকেন্দ্র হলে পাঠকেরা আবারও বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে।
মাজহারুল ইসলাম বলেন, ‘২০০৬ সালের ৭ সেপ্টেম্বর, এই জায়গাতে অন্যমেলার শোরুম উদ্বোধন করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। আজ এখানে গ্রন্থকেন্দ্র হলো, আমরা গভীর বেদনার সঙ্গে তাঁকে স্মরণ করছি। সেই সঙ্গে স্মরণ করছি প্রয়াত সব লেখক ও সেসব প্রকাশকদের, যাঁরা মৌলবাদীদের হামলায় নিহত হয়েছেন।’
উদ্যোক্তারা জানান, শিগগিরই কলকাতার কলেজ স্ট্রিটে পূর্ব পশ্চিমের শাখা খোলা হবে। সেখানে জায়গা খোঁজা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, বই পড়ার অভ্যাস এখন কমে এসেছে। যতীন সরকার বলেছিলেন, এ দেশে কোনো শিক্ষার্থী নেই, খালি পরীক্ষার্থী রয়েছে। এটাই বাস্তব। অভিভাবকেরাও এ বিষয়ে উদাসীন, শিক্ষকেরাও। এটা ভয়ংকর বিষয়। শিক্ষার্থীদের ঘরে বই পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সরকার কিছু উদ্যোগ নিয়েছে, অন্যদেরও এগিয়ে আসতে হবে। তিনি জানান, উপজেলা পর্যায়ে গণগ্রন্থাগার করছে সরকার।
উদ্যোক্তারা জানান, শিগগিরই www. purbopashim.com-এর মাধ্যমে ঘরে বসে দেশের যেকোনো স্থান থেকে অনলাইনে বই অর্ডার করা যাবে। সেই সঙ্গে শিগগিরই কলকাতার কলেজ স্ট্রিটে পূর্ব পশ্চিমের শাখা খোলা হবে।