বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে রাতের গল্প নিয়ে অনুষ্ঠান ‘রাত-বিরাতে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সংগীতশিল্পী সাহেদ। গান আর এই অনুষ্ঠান নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।রাত-বিরাতে রাস্তায় ঘুরে বেড়াতে কেমন লাগে?সে এক অন্য রকম অভিজ্ঞতা। রাতের পরিবেশটা যেন শুধুই গল্প আর আড্ডা দেওয়ার জন্য। সঙ্গের অতিথি মনের মতো হলে তো কথাই নেই। তখন ভাবি, রাতটা যদি আরও বড় হতো। আর অতিথি যদি তেমনটি না হয়, তা হলে খুব বিরক্ত লাগে।এই বিরক্ত কি প্রায়ই হতে হয়?না না, তার সংখ্যা মোটেও বেশি না। মাঝেমধ্যে। আপনি তো অনেক দিন ধরে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন...হ্যাঁ। ১০০ পর্বের কাছাকাছি চলে এসেছি। আর হয়তো কয়েকটি পর্ব লাগবে।এবার আপনার গানের কথা বলুন। অ্যালবামের খবর কী?চার বছর পর অ্যালবাম করেছি। ১০ নভেম্বর বাজারে আসবে। জি-সিরিজ থেকে। নাম দিয়েছি উটপাখির ডিম। আমার সর্বশেষ অ্যালবাম ছিল ক্লাসরুমে বসে শেখা। ‘উটপাখির ডিম’ কেন?এর সঙ্গে প্রথম আলোর স্লোগান বা বিজ্ঞাপনের কোনো মিল নেই। অ্যালবামের সব কটি গান আমিই লিখেছি, সুর করেছি। একটি গানের প্রথম লাইন হলো: ‘উটপাখির ডিমভাজা খেতে জানি না স্বাদ কী রকম’। এরপর কখন যেন নামটি মাথায় ঢুকে যায়। ভাবলাম, উটপাখির ডিম নামটি মন্দ হবে না।অ্যালবামে কয়টি গান থাকছে?১০টি। আমি যে ধরনের গান করি, উটপাখির ডিম অ্যালবামের গানগুলো ঠিক তেমনই। যদি জানতে চান, কেমন হয়েছে? তা বলতে পারব না। এই প্রশ্নের ঠিক উত্তরটি দিতে পারবেন শ্রোতারা।