চার বিভাগে ফেডারেশনের জাতীয় পথনাট্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্ট্রগ্রামের পর আজ থেকে আরও চারটি বিভাগে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের জাতীয় পথনাট্য উৎসব শুরু হচ্ছে। আজ বিকেল পাঁচটায় সিলেট বিভাগের হবিগঞ্জের পৌর মিলনায়তনে শুরু হচ্ছে তিন দিনের পথনাট্য উৎসব। উৎসবে ২৯টি দল অংশ নেবে। উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। প্রধান অতিথি থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ সালেহ উদ্দিন। রাজশাহী বিভাগের তিন দিনের পথনাট্য উৎসব শুরু হচ্ছে আজ সিরাজগঞ্জ স্বাধীনতা স্কয়ার চত্বরে। বিকেল পাঁচটায় উৎসবটির উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী। উৎসবে ১১টি দল অংশ নিচ্ছে। খুলনা বিভাগে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনের নাট্যোৎসব শুরু হচ্ছে। ২২ তারিখ বিকেল পাঁচটায় দর্শনায় অনির্বাণ মঞ্চে উৎসবটির উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী। বিশেষ অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ভোলা নাথ দে। একই দিনে বরিশাল বিভাগের শহীদ মিনার চত্বরে শুরু হচ্ছে তিন দিনের নাট্যোৎসব। উৎসবে বরিশাল নগরের ১০টি দলসহ চরফ্যাশন ও পিরোজপুরের একটি করে নাট্যদল পথনাটক নিয়ে অংশ নেবে।