ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে এসেছে নতুন অ্যালবাম ‘একমুঠো গান ২’। এতে গান করেছেন দুজন—বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী। গত শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির মোড়ক খুললেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। এটি বাজারে এনেছে অগ্নিবীণা। অ্যালবাম নিয়ে কথা হলো বাপ্পার সঙ্গে।ভালোবাসা দিবস কীভাবে কাটালেন?চার রাত পর ঘুম দিলাম। ঘুম থেকে উঠেছি দুপুরে। সন্ধ্যায় অনুষ্ঠান আছে। গান করতে হবে। আর আমার স্ত্রী চাঁদনীও শুটিং নিয়ে ব্যস্ত। ও বাসায় ফিরবে রাত ১১টা নাগাদ। আজ (১৪ ফেব্রুয়ারি) কিন্তু আমার বাবার (সংগীতজ্ঞ বারীন মজুমদার) জন্মদিন। এই দিনটা পারিবারিকভাবেই উদ্যাপন করা হয়। অনেকেই বাসায় আসেন, বাবা বেঁচে থাকতে সবাই তাঁকে শুভেচ্ছা জানাতেন। এখন তাঁরা মায়ের সঙ্গে দেখা করেন।চার রাত ঘুমাননি কেন?ঘুমানোর জন্য এতটুকু সময় পাইনি। একমুঠো গান ২-এর কাজ শেষ করতে হয়েছে। তাই খুব ক্লান্ত। ভালোবাসা দিবসের ভোররাত পর্যন্ত অ্যালবামের মাস্টারিংয়ের কাজ করেছি। একমুঠো গান ২ অ্যালবামের পেছনের কথা বলুন।একমুঠো গান অ্যালবামটি বাজারে আসে ২০০৬ সালে। এরপর অনেক শ্রোতাই পরবর্তী অ্যালবামের জন্য অনুরোধ করেছে। ফাহমিদা আপা আর আমিও অনেক দিন ধরেই ভাবছিলাম। গীতিকার জুলফিকার রাসেল এবার এমনভাবে ধরল যে ‘না’ করতে পারলাম না। ও নাছোড়বান্দার মতো আচরণ না করলে সময়মতো কাজটা শেষ করা সম্ভব হতো না। একমুঠো গান ৩ কবে আসবে? এটা নির্ভর করছে শ্রোতাদের চাওয়া এবং নতুনটির সাফল্যের ওপর।শুনেছি, পুরো অ্যালবামের কাজ করেছেন মাত্র দুই সপ্তাহে। কম সময়ে কাজ করলেও অ্যালবামটা নিয়ে চিন্তাভাবনা ছিল অনেক দিনের। তাই কাজ করতে গিয়ে মনেই হয়নি কম সময়ে করছি। এখানে আসলে দীর্ঘ তিন বছরের ছোট ছোট অনেক স্বপ্ন জোড়া লাগিয়েছি। বিনোদন প্রতিবেদক