চার সেরাকণ্ঠ
তৃতীয়বারের মতো আয়োজিত চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১০ চূড়ান্ত পর্বের উৎসব শেষ হলো। ১৫ ডিসেম্বর শেরাটনের উইন্টার গার্ডেনে সেরা সাতজনের মধ্যে বিচারকদের নম্বর ও দর্শকের এসএমএসের মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা চারজন—তানজীম শরীফ, তাহসিন সাবা, মেহেদী হাসান, খেয়ালী কর্মকারকে। চার সেরাকণ্ঠকে নিয়ে এই আয়োজন।১৫ ডিসেম্বর ছিল তানজীম শরীফের জন্মদিন। কিছুদিন আগেও এই তরুণ তুর্কি ছিলেন অপরিচিত। কিন্তু এবারের জন্মদিনে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১০’-এ সবার সেরা হয়ে দেশজোড়া তিনি এখন বেশ পরিচিত। সুললিত কণ্ঠ আর গায়কিতে বিচারক এবং দর্শক ভোটে ১ নম্বর আসনটি দখল করেছেন তিনি। শুধু গানেই নয়, গণিতেও চ্যাম্পিয়ন এই যুবক। প্রথম আলো গণিত অলিম্পিয়াডে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত পরপর পাঁচবার অংশ নিয়ে চারবারই চ্যাম্পিয়ন ও একবার রানারআপ হয়েছেন তিনি।সেরা কণ্ঠ হওয়ার আনন্দে উচ্ছ্বসিত নটর ডেম কলেজে একাদশ শ্রেণীর তানজীম বললেন, ‘আমরা যমজ দুই ভাই। ১৫ ডিসেম্বর একদিকে আমার জন্মদিন, অন্যদিকে চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১০-এর চূড়ান্ত পর্ব। কিন্তু এই প্রথম জম্মদিনে আমার যমজ ভাইকে ছাড়া আমি। তাই মন কিছুটা খারাপ ছিল। মন খারাপের দিনে জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটা পেলাম।’ তানজীমের পুরো পরিবারই সংস্কৃতিমনা। বিশেষ করে নানাবাড়ির সবাই গানবাজনার সঙ্গে যুক্ত। তাঁর এক খালা (কোহিনূর খান) বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পুরস্কার পেয়েছেন। এই খালাই তাঁর গানের গুরু। তানজীমের যমজ ভাই স্নিগ্ধও এই প্রতিযোগিতায় ছিল। সেরা ২৫ থেকে বাদ পড়ে যায় সে। তানজীম বললেন, ‘দুই ভাইয়ের এমন মিল যে যখন এসএমএস পর্ব শুরু হয়, আমার নামে স্নিগ্ধ বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে আমার জন্য এসএমএস চেয়ে আসত। দর্শক আমাদের দুজনকে আলাদা করতে পারত না।’জীবনের কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় না হলেও চ্যানেল আই সেরাকণ্ঠে দ্বিতীয় মানে প্রথম রানারআপ হয়েছেন তাহসিন সাবা। নাচ, গান, আবৃত্তি—সবকিছুতেই সমান পারদর্শী তিনি। জন্মস্থান সিলেট হলেও বাবার ব্যবসার কারণে বড় হয়েছেন জয়পুরহাটে। অ আ ক খ শেখার সঙ্গে সঙ্গে সা-রে-গা-মা গাইতে শুরু করেন। তাহসিন বলেন, ‘পাঁচ বছর বয়স থেকে গানের প্রতি ভালোবাসা ছিল। টিভির বিজ্ঞাপনে বা কোনো গানের অনুষ্ঠান হলে গুন গুন করে শিল্পীদের সঙ্গে গাইতাম। কোনো প্রতিযোগিতা থাকলেই নাম দিয়ে দিতেন মা। কখনো মা-বাবাকে নিরাশ করিনি। সব সময় তাঁদের সম্মান রেখেছি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর প্রথম বর্ষের ছাত্রী তাহসিন সাবা বলেন, ‘এত দিনে আমার দ্বিতীয় বর্ষে থাকার কথা ছিল। কিন্তু সেরাকণ্ঠের কারণে প্রথম বর্ষে কোনো ক্লাস করতে পারিনি। আবার নতুন করে প্রথম বর্ষে ভর্তি হতে হবে।’কথার মাঝেই জানা গেল, প্রতিযোগিতায় সেরা না হলেও মার খাওয়ায় প্রতিদিনই প্রথম হতেন মেহেদী হাসান। সেরা তিন শিল্পী বিশেষ করে খেয়ালী ও তাহসিনের হাতে বেশি মার খেতেন তিনি। তিনজন সমস্বরে বলে ওঠেন, ‘কিছু হলেই মেহেদীকে কিল-ঘুষি দিতাম। কিন্তু ও কিছু বলত না। চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১০-এ যৌথভাবে দ্বিতীয় রানারআপ মেহেদী হাসান বলেন, ‘রাজশাহী অঞ্চলের যে অডিশন ছিল, সেদিন আমার পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে যখন অডিশন দিতে যাই, তখন অডিশন শেষ হয়ে গেছে। অনেক অনুরোধের পর একটি গান শুনে আমাকে পরবর্তী পর্বে যাওয়ার অনুমতি দেওয়া হয়।’ রাজশাহী কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসানের পরিবারের কেউ গান না করলেও তাঁর প্রাথমিক স্কুলের শিক্ষক হোসনে আরা বেগমের কাছে গানের হাতেখড়ি। ‘বৃদ্ধাশ্রম’ রাউন্ডে একটি গানের পর বিচারক রুনা লায়লা বলেন, “আমার কোনো ছেলে নেই, আজ থেকে মেহেদী আমার ছেলে।” সেরাকণ্ঠে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’ বলেন মেহেদী হাসান।‘মুন্সিগঞ্জে কোনো গানের অনুষ্ঠান চলছে। কিন্তু দর্শকের উপস্থিতি কম। আয়োজকেরা গান গাওয়ার জন্য তখন আমাকে মঞ্চে নিয়ে আসতেন। আর তখনই দর্শকে পরিপূর্ণ হয়ে উঠত অনুষ্ঠান। মুন্সিগঞ্জের মানুষ আমার গানকে এভাবেই ভালোবাসে।’ বলছিলেন খেয়ালী। মুন্সিগঞ্জে গানের অনুষ্ঠান মানেই খেয়ালীর মনমাতানো গান। শুধু মুন্সিগঞ্জই নয়, খেয়ালীদের গানে মাতোয়ারা এখন সারা দেশ। চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১০-এ যৌথভাবে দ্বিতীয় রানারআপ খেয়ালী কর্মকার। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহের কারণে ছায়ানটে ভর্তি হয়। ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী খেয়ালী। মায়ের ইচ্ছায় চ্যানেল আই সেরাকণ্ঠের জন্য অডিশন দেওয়া। খেয়ালী বললেন, ‘প্রথমে কোনো লক্ষ্য ছিল না। এক এক করে যখন প্রতিটি অডিশন পার হতে থাকি, আত্মবিশ্বাস বাড়তে থাকে। সেরা সাতে যখন ছিলাম, তখন মনে হলো কিছু হতে পারব।’ বিশ্বাসের মূল্য রেখে খেয়ালী এবারের চ্যানেল আই সেরাকণ্ঠে সেরা চারের একজন।সেরা চারজনের মধ্যে অনেক অমিল থাকলেও মিলের সংখ্যা কিন্তু কম নয়। সেরা চারজনের তিনজন তানজীম শরীফ, খেয়ালী কর্মকার ও তাহসিন সাবা প্রথম আলো বন্ধুসভার সদস্যা। চারজনই গানের সঙ্গে থেকে সংগীত পরিচালনা করতে চান।দু-এক দিনের মধ্যে ছেড়ে যেতে হবে ক্যাম্প। সবার চাওয়া, ক্যাম্পের এই আনন্দময় সময়টা যদি সব সময় পাওয়া যেত। সেরা চারজন সমস্বরে বলে উঠলেন, ‘যেখানেই থাকি, ভালো গানের মধ্যে বেঁচে থাকতে চাই।’