চারকোলে বাতাস আঁকা যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারি কায়ায় চারকোল প্রদর্শনীতে আড্ডারত শিল্পী ও অতিথিরা l ছবি: প্রথম আলো
গ্যালারি কায়ায় চারকোল প্রদর্শনীতে আড্ডারত শিল্পী ও অতিথিরা l ছবি: প্রথম আলো

এমন শক্তিশালী মাধ‍্যম চারকোল, এ দিয়ে বাতাসের ছবিও এঁকে ফেলা যায়। আঁকা যায় কৌমার্য, সৌন্দর্য, পূতপবিত্রতার ছবি। রবীন্দ্রনাথ এঁকেছেন। এ দেশে যাঁরা চারকোলে নিয়মিত আঁকেন না, তাঁদেরও চারকোলে আঁকা ভালো কিছু ছবি আছে। একসঙ্গে সে রকম কিছু ছবি দেখার সুযোগ মিলছে ঢাকায়।

বেশ কজন খ‍্যাতিমান ও কতিপয় তরুণ শিল্পীর চারকোলে আঁকা ছবি নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে সম্মিলিত চিত্র প্রদর্শনী ‘চারকোল’। অতিথি হয়ে এসেছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির ও শিল্প সমালোচক মঈনুদ্দীন খালেদ। উপস্থিত ছিলেন বেশ কজন চিত্রশিল্পী ও শিল্পানুরাগী। গ‍্যালারির প্রধান কর্তা শিল্পী গৌতম চক্রবর্তী স্বাগত বক্তৃতা দেওয়ার পর তাঁদের আহ্বান জানান। মঈনুদ্দীন খালেদ বলেন, ‘মাধ‍্যম নির্ধারণ করে প্রদর্শনীর সুবিধা হচ্ছে এতে মানুষের দেখার অভিজ্ঞতা ও পাঠ বাড়ে।’ তিনি আরও বলেন, ‘শুধু ছবি ঝোলালেই গ‍্যালারির দায়িত্ব শেষ হয়ে যায় না। কায়া তার দায়িত্ব জানে, ফলে দেশে-বিদেশে আর্ট ক‍্যাম্প, প্রদর্শনী এবং শিল্পরসিকদের অভিজ্ঞতা বাড়াতে কাজ করছে তারা। গৌতম ছিল বলে এসব হচ্ছে।’

নিহাদ কবির কর্মজীবনে প্রবেশের পর নিজের ছবি সংগ্রহের অভিজ্ঞতার কথা জানান। প্রথমবারের মতো এই গ‍্যালারিতে একটি প্রদর্শনীর উদ্বোধন করতে পেরে আনন্দিত বোধ করেন এই আইনজীবী।

কায়ার ভেতরে ঝোলানো ঘণ্টায় হাতুড়ি ঠুকে অতিথিরা চলে যান ছবি দেখতে। তখন এসে পৌঁছান শিল্পী রফিকুন নবী। তাঁকে ডেকে নিয়ে মোহাম্মদ ইউনুস দেখান চারকোলে নিজের আঁকা বিমূর্ত ছবি ‘ইমেজ-১’।

আগামী ১১ আগস্ট পর্যন্ত কায়ার দেয়ালে শোভা ছড়াবে চারকোলে আঁকা ৪৬টি চিত্রকর্ম। ক‍্যানভাস ও কাগজে আঁকা এ ছবিগুলো আজ তো বটে, আগামী দিনেও চারকোল নামের মাধ‍্যমটির কীত্তন করে যাবে।

প্রদর্শনীতে রয়েছে সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, চন্দ্র শেখর দে, নাজলি লায়লা মনসুর, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, রণজিৎ দাস, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, গৌতম চক্রবর্তী, মোহাম্মদ ইকবাল, শেখ রোকনুজ্জামান ও আশরাফুল হাসানের আঁকা ছবি।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে কায়ার দরজা।

নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার

গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে হয়ে গেল এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজন করে এম নুরুল কাদের ফাউন্ডেশন।

প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘নুরুল কাদের খান আমাদের শুধু সাংস্কৃতিক জগতের নয়, বুদ্ধিবৃত্তিক জগতের নয়, মুক্তিযুদ্ধের এবং সামগ্রিকভাবে বাংলাদেশ যখন হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করল, তখন তার শিল্প স্থাপনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় ছিলেন।’

বিশেষ অতিথি কবি আসাদ চৌধুরী বলেন, ‘একবার বাংলা একাডেমির বই প্রকাশের জন্য চাঁদা আনতে গেলে বললেন, টাকা দেবেন এক শর্তে, কোথাও বিজ্ঞাপন দেওয়া যাবে না। এমন লোক ছিলেন তিনি।’

কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাদের অবদান খুব বেশি, খুব গৌরব করবার মতো খুব উজ্জ্বল এম নূরুল কাদের তাদের মধ্যে অন্যতম। খুবই তাৎপর্যপূর্ণ ভুমিকা তিনি পালন করেছিলেন।’

দেওয়া হয় ২০১৫ ও ২০১৬ সালের শিশুসাহিত্য পুরস্কার। ২০১৫ সালে কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মাননা পান গোলাম আজাদ (বীর প্রতীক)। মুক্তিযুদ্ধবিষয়ক বই নিতুর ডায়েরি ১৯৭১-এর জন্য পুরস্কার পান দীপু মাহমুদ, সাধারণ গদ্য শাখায় পুরস্কার পান আমাদের দাদাভাই বইয়ের জন্য খালেক বিন জয়েনউদ্দীন, পা পিছলে আলুর দম বইয়ের জন্য ছড়া-কবিতা শাখায় পুরস্কার পান আহসান মালিক, মিথ্যে ভূতের হাত বইয়ের জন্য গল্প উপন্যাস শাখায় পুরস্কার পান প্রশান্ত মৃধা, প্রচ্ছদ ও অলংকরণে পুরস্কার পান মোমিন উদ্দীন খালেদ।

২০১৬ সালে মুক্তিযুদ্ধবিষয়ক বই একাত্তরের বীরবিচ্ছুর জন্য পুরস্কার পান আহমেদ রিয়াজ, চিরকালের গল্প বইয়ের জন্য সাধারণ গদ্য শাখায় পুরস্কার পান আলী ইমাম। ঘুড়ির মতো উড়ি বইয়ের জন্য ছড়া-কবিতা শাখায় পুরস্কার পান ফারুক হোসেন, জোনাকিরা দেয় আলো বইয়ের জন্য গল্প-উপন্যাস শাখায় পুরস্কার পান জাকির হোসেন বুলবুল। প্রচ্ছদ ও অলংকরণে পুরস্কার পান শামীম আহমেদ।

এ ছাড়া দেওয়া হয় শিশু-কিশোরদের বই পড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাপতি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারপারসন রোকেয়া কাদের। স্বাগত বক্তব্য দেন ভিদিয়া অমৃত খান। শুভেচ্ছা বক্তব্য দেন ফারাহ খান ও এম নুরুল কাদের সম্পর্কে বলেন ফাউন্ডেশনের অনারারি সেক্রেটারি মোস্তফা হোসেইন।