চারটি প্রেক্ষাগৃহে 'বৈষম্য'

‘আমরা অনেকেই নিজেকে বড় ভাবি আর অন্যকে ছোট করে দেখি। কিন্তু এই ধারণা যে কত ভুল, এই ধারণার জন্য সমাজে কত বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে, তা অনেকেই ভাবতে পারি না। এটা একবারও মনে হয় না, মানুষ সবাই সমান। এটাই আমার ছবি বৈষম্যর মূল ভাবনা।’ বললেন অ্যাডাম দৌলা। বৈষম্য ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ও পরিচালনা করেছেন তিনি।
বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনার ছবি বৈষম্য প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। ছবিটি এখন প্রদর্শিত হচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড ও মধুমিতায়।
গত মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয় স্টার সিনেপ্লেক্সে। অ্যাডাম দৌলা বলেন, ‘উদ্বোধনী প্রদর্শনী দেখে অনেকেই তাঁদের অনুভূতির কথা জানিয়েছেন। আমার ভালো লেগেছে। আমি চাই, সবাই ছবিটি দেখুন।’
বৈষম্য ছবিতে অভিনয় করেছেন আবির হোসেন, মিতা চৌধুরী, অ্যাডাম দৌলা, শিমুল খান, সাজ্জাদ হোসেন ও টোকাই নাট্যদলের কয়েকজন সদস্য।