চারটি ভিউকার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অনিল বাগচীর একদিন’ ছবির ভিউকার্ড
‘অনিল বাগচীর একদিন’ ছবির ভিউকার্ড

চারটি ভিউকার্ড! চারটি সিনেমার চারটি ছবি তাতে।

গত মঙ্গলবার দুপুরে বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গসংগীত উৎসব নিয়ে সংবাদ সম্মেলনে বেঙ্গল ক্রিয়েশনসের এ চারটি ভিউকার্ড দেওয়া হয় সাংবাদিকদের।
আহা! কত দিন পোস্টকার্ড-ভিউকার্ডের সঙ্গে দেখা-সাক্ষাৎ নেই!

‘স্বপ্নজাল’ ছবির ভিউকার্ড
‘স্বপ্নজাল’ ছবির ভিউকার্ড

হলুদ রঙের পোস্টকার্ড আসত একসময়। পত্রিকার চিঠিপত্র বিভাগে যে চিঠিগুলোর আনাগোনা ছিল, তার কিছু আসত পোস্টকার্ডে। মাত্র এক টাকায় পোস্ট অফিস থেকে কেনা যেত তা। আশির দশকে হঠাৎ বাজার ছেয়ে গেল ভিউকার্ডে। পোস্টকার্ড আকারের সেই কার্ডে প্রকৃতি অথবা নায়ক-নায়িকাদের ছবি বা সিনেমার দৃশ্য! শুরুতে হেমা মালিনি, রেখা, অমিতাভ! সে সময়েই ঢাকায় ভিসিআরের আগমন। এ এক নতুন জিনিস! বড় পর্দার ছবি ক্যাসেটে নিয়ে দেখা। হলিউড, বলিউডের ছবির স্রোতে ভেসে এল খারাপ ছবিও। রাজধানীর বেগমবাজারে বিভিন্ন ব্যবসায়ী গোপনে বাণিজ্যিকভাবে চালু করল ছবির প্রদর্শনী। পুলিশ মাঝেমধ্যে হানা দিত সে বাড়িগুলোয়। টেলিভিশনটি জব্দ করতে পারত তারা, ভিসিআর নয়। কারণ, তার টেনে বহু দূরের কোনো বাড়ি থেকে সংযোগ দেওয়া হতো, তাই ভিসিআরের হদিস পাওয়া যেত না।

‘মেঘমল্লার’ ছবির ভিউকার্ড
‘মেঘমল্লার’ ছবির ভিউকার্ড

তখন থেকেই হলিউড-বলিউডের জনপ্রিয় শিল্পীদের ভিউকার্ড জনপ্রিয় হয়ে উঠতে থাকে। প্রথমে অভিজাত বাণিজ্যবিতানে, পরে ফুটপাতেও বসে গেল ভিউকার্ডের দোকান। কাটতিও ছিল বেশ। সেই পথ ধরে এল আমাদের দেশের শিল্পীদের ভিউকার্ড। প্রিয় মানুষকে ভিউকার্ড উপহার দেওয়ার চল শুরু হলো। কেউ কেউ জমাত সেই কার্ড।

‘চন্দ্রাবতী কথা’ ছবির ভিউকার্ডের এপিঠ-ওপিঠ
‘চন্দ্রাবতী কথা’ ছবির ভিউকার্ডের এপিঠ-ওপিঠ

তারপর একসময় তাতে ভাটা পড়ল। অন্তর্জালের আকর্ষণে মোহাচ্ছন্ন হয়ে গেলেন তরুণেরা। সেভাবে আর ভিউকার্ড দেখা যায় না।
বহুদিন পর ভিউকার্ড দেখে পুরোনো দিনের এত সব কথা মনে পড়ে গেল। মনে হলো, চলচ্চিত্রের জন্য এ এক নান্দনিক বিজ্ঞাপন।